৭ নভেম্বরের চেতনায় জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর

আপডেটঃ ০৭ নভেম্বর, ২০২৬ | ১:৪৩ ০ শেয়ার
৭ নভেম্বরের চেতনায় জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর

দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষায় জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ভবিষ্যতে কেউ যেন বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে, সেটিই হোক এবারের ৭ নভেম্বরের প্রধান অঙ্গীকার।

শনিবার রাজধানীর বনানীর আর্মি স্টেডিয়ামে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব, ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থান—প্রতিটি ঐতিহাসিক ঘটনায় বাংলাদেশের মানুষ জাতীয় স্বার্থ ও স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে ঐক্যবদ্ধ হয়েছে।

তারেক রহমানের ভাষ্য, ১৯৭৫ সালের ৭ নভেম্বর দেশপ্রেমিক সিপাহি-জনতা ঐক্যবদ্ধভাবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী ষড়যন্ত্র প্রতিহত করেছিল। তিনি বলেন, ওই সময় তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমানকে সপরিবারে গৃহবন্দি করা হয়েছিল। পরে সিপাহি-জনতার ঐক্যবদ্ধ অবস্থানের মধ্য দিয়ে পরিস্থিতির পরিবর্তন ঘটে।

প্রধানমন্ত্রী আরও অভিযোগ করেন, পরবর্তী সময়ে পিলখানায় পরিকল্পিত সেনা হত্যাকাণ্ডের মাধ্যমে সশস্ত্র বাহিনীর মর্যাদা ক্ষুণ্ন করা হয় এবং জনগণের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়।

তিনি ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে বলেন, মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে দেশে পরিবর্তন এসেছে।

বক্তব্যে জাতীয় ঐক্যের ওপর গুরুত্ব দিয়ে তারেক রহমান বলেন, দল, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব নাগরিকের পরিচয় বাংলাদেশি। এই পরিচয়কে ধারণ করেই একটি ঐক্যবদ্ধ জাতি গড়ে তুলতে হবে।

তরুণ প্রজন্মের উদ্দেশে তিনি বলেন, সঠিক ইতিহাস একটি জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের প্রেরণা। নতুন প্রজন্মকে স্বাধীনতার চেতনা ধারণ করে নিরাপদ, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে হবে।

বক্তব্যের শেষে প্রধানমন্ত্রী দেশপ্রেমিক ও গণতন্ত্রকামী মানুষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘দিল্লি নয়, পিণ্ডি নয়, নয় অন্য কেউ, সবার আগে বাংলাদেশ।’

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
‘শেখ হাসিনা আর দেশে ফিরবেন না’, পাসপোর্ট চাওয়াকে রাজনৈতিক স্টান্টবাজি বললেন চিফ প্রসিকিউটর ডিসেম্বরে দেশে ফেরার প্রস্তুতি? হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বললেন নতুন পররাষ্ট্র সচিব রাজধানীর ১০০ ফিট সড়কে স্কুল বাসে আগুন প্রাথমিকের শিক্ষার্থীরা পাবে স্কুল ড্রেস, জুতা, মোজা ও ব্যাগ; বরাদ্দ ১,৯৫০ টাকা রিয়াদে পরপর বিকট বিস্ফোরণ, আগাম সতর্কতার জানাল সৌদি কর্তৃপক্ষ ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেওয়া হবে : প্রধানমন্ত্রী সৌদির পূর্বাঞ্চল লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংস গ্রামপুলিশের বেতন বাড়ালেন প্রধানমন্ত্রী সারাদিন ইনস্টাগ্রামে রিলস দেখলেই বেতন ৭ নভেম্বরের চেতনায় জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর