সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের গ্রেফতার ও কারাগারে অন্তরীণ থাকার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জাতীয় সংসদকে অবহিত করেছেন স্পিকার। সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম দিনে কার্যপ্রণালি বিধি অনুসরণ করে এ তথ্য সংসদ সদস্যদের সামনে তুলে ধরেন তিনি।
সংসদে স্পিকার জানান, কার্যপ্রণালি বিধির ১৭৬ ধারা অনুযায়ী এ-সংক্রান্ত একটি পত্র তিনি পেয়েছেন। ওই পত্রে এমপি গাজী নজরুল ইসলামের গ্রেফতার ও কারাগারে পাঠানোর বিস্তারিত তথ্য উল্লেখ করা হয়েছে।স্পিকার জানান, গত ২০ সেপ্টেম্বর ২০২৬ শেরেবাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর ১৬৯৫) করা হয়। ওই জিডির ভিত্তিতে শেরেবাংলা নগর থানা পুলিশের একটি দল রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় অবস্থিত জাতীয় সংসদ সদস্যদের আবাসিক ভবন ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর বাসা থেকে গাজী নজরুল ইসলামকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়।
পরবর্তী সময়ে সাতক্ষীরার শ্যামনগর থানায় দায়ের করা একটি মামলায় তার সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। ১৮৬০ সালের দণ্ডবিধির ৩০৬ ধারায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা ওই মামলার নম্বর ১৬ এবং জিআর নম্বর ১৯৭।স্পিকার আরও জানান, মামলাটিতে গত ২১ সেপ্টেম্বর শেরেবাংলা নগর থানা পুলিশ গাজী নজরুল ইসলামকে গ্রেফতার দেখায়। পরে তাকে ঢাকার সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বর্তমানে তিনি কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন।
সংসদের কার্যপ্রণালি বিধির ১৭৬ বিধির সঙ্গে ১৭২ বিধি অনুযায়ী, কোনো সংসদ সদস্য গ্রেফতার হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে পত্র পাওয়ার পর তা যত দ্রুত সম্ভব সংসদে উপস্থাপনের নিয়ম রয়েছে। সেই বিধান অনুসরণ করেই স্পিকার সংসদ সদস্যদের বিষয়টি অবহিত করেন।এ ঘোষণার মধ্য দিয়ে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের গ্রেফতার ও কারাগারে থাকার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জাতীয় সংসদের কার্যবিবরণীতে অন্তর্ভুক্ত হলো।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মন্তব্য করুন