জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেছেন, ২০২৩ সালে সরকারি চাকরি থেকে অবসরে যাওয়ার পরও এখন পর্যন্ত পেনশনের টাকা পাননি তার শ্বশুর। ঘরে একজন সংসদ সদস্য থাকার পরও পেনশনের অর্থ না পাওয়ায় তার শ্বশুরের মনে এমন ধারণা তৈরি হয়েছে যে, সংসদ সদস্য পরিবারের সদস্য হয়েও নিজের পাওনা বুঝে পাওয়া সম্ভব হচ্ছে না।বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের কবি কাজী নজরুল ইসলাম হলে ‘অবসরপ্রাপ্ত শিক্ষকদের অধিকার ও সামাজিক মর্যাদা নিশ্চিত করতে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অবসরপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী সমন্বিত ফোরাম এ সভার আয়োজন করে।
বক্তব্যে হাসনাত আবদুল্লাহ বলেন, তার শ্বশুর ২০২৩ সালে চাকরি থেকে অবসরে গেছেন। অথচ প্রায় ২০২৭ সাল চলে আসার সময় হলেও তিনি পেনশনের টাকা পাননি। এ পরিস্থিতিতে তার শ্বশুরের মনে এমন ধারণা তৈরি হয়েছে যে, ঘরে সংসদ সদস্য থাকার পরও যখন পেনশনের টাকা পাওয়া যাচ্ছে না, তখন সাধারণ অবসরপ্রাপ্তদের অবস্থা কতটা কঠিন হতে পারে।তিনি বলেন, তার শ্বশুর একজন নিরীহ প্রকৃতির মানুষ ছিলেন এবং মাধ্যমিক পর্যায়ে ইংরেজি শিক্ষকতা করেছেন। বিষয়টি তিনি নিজেও দেখছেন। শ্বশুরের সম্মানজনক জীবনযাপনের বিষয়টি বিবেচনায় নিয়ে তার মনে হচ্ছে, তিনি যেন রাষ্ট্রের কাছে অনুদান চাইছেন। অথচ পেনশন কোনো অনুদান নয়, এটি একজন কর্মজীবী মানুষের দীর্ঘদিনের সঞ্চিত পাওনা।
অবসরপ্রাপ্ত শিক্ষকদের আর্থিক সংকটের প্রসঙ্গ তুলে এনসিপির এই নেতা বলেন, শিক্ষক-কর্মচারীরা সারা জীবন নিজেদের বেতনের একটি অংশ জমা দিয়ে এসেছেন। সেই অর্থ সরকার বিভিন্ন কাজে ব্যবহার করেছে। কিন্তু চাকরিজীবন শেষে যখন তাদের পাওনা ফেরত দেওয়ার সময় আসে, তখন অর্থের সংকটের কথা সামনে আসে।
হাসনাত আবদুল্লাহ আরও বলেন, অবসরপ্রাপ্ত শিক্ষকদের জমা দেওয়া অর্থ দিয়েই অন্যদের পেনশন পরিশোধ করা হয় এবং রাষ্ট্রের বিভিন্ন ব্যয় নির্বাহ করা হয়। অথচ নিজেদের পাওনা বুঝে পাওয়ার সময় তাদের বলা হচ্ছে, টাকা নেই।তার বক্তব্যে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের পেনশন ও আর্থিক নিরাপত্তার বিষয়টি আবারও আলোচনায় এসেছে। দীর্ঘ কর্মজীবন শেষে নিজেদের প্রাপ্য অর্থ পেতে বছরেরপর বছর অপেক্ষা করতে হওয়ায় অবসরপ্রাপ্তদের ভোগান্তির বিষয়টি তুলে ধরেন তিনি।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মন্তব্য করুন