আওয়ামী লীগ সরকারের শাসনামলে শতাধিক গুম ও হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসানের পক্ষে সাফাই সাক্ষ্য দিচ্ছেন আইনজীবী তাসলিমা জাহান পপি।
রোববার (২২ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ তাঁর সাক্ষ্যগ্রহণ শুরু হয়। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ কার্যক্রম পরিচালনা করছেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
সাক্ষ্যের শুরুতে তাসলিমা জাহান পপি জানান, মামলার আসামি জিয়াউল আহসানকে তিনি চেনেন। মামলাসংক্রান্ত কিছু নথিপত্র ও ভিডিও সাক্ষ্য হিসেবে উপস্থাপন করবেন তিনি।
এ সময় ২০১১ সালের ১৩ জানুয়ারি প্রকাশিত ‘র্যাবের গুলিতে যুবক নিহত’ শিরোনামের একটি সংবাদ প্রতিবেদনের কপি ট্রাইব্যুনালে জমা দেন তিনি। একই বছরের ১৬ আগস্ট প্রকাশিত ‘ভারতীয় শাড়ি এবং দেশীয় আলু ও ট্রাক উদ্ধারের’ শিরোনামের আরেকটি প্রতিবেদনও উপস্থাপন করেন।নিরাপত্তাজনিত কারণে এদিন সশরীরে ট্রাইব্যুনালে উপস্থিত না হয়ে ভার্চুয়ালি হাজিরা দেন জিয়াউল আহসান।গত ১৯ নভেম্বর মামলার ১৫তম সাক্ষী ও তদন্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলামের জেরা শেষ হওয়ার মধ্য দিয়ে রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়। এরপর আসামিপক্ষের আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে সাফাই সাক্ষ্যের জন্য ২২ নভেম্বর দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।
এর আগে ৩০ সেপ্টেম্বর তদন্ত কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ শুরু হয়। ৮ অক্টোবর তাঁর জবানবন্দি নেওয়া হয়েছিল।
জিয়াউল আহসানের বিরুদ্ধে প্রসিকিউশন তিনটি সুনির্দিষ্ট অভিযোগ এনেছে। প্রথম অভিযোগে বলা হয়েছে, ২০১১ সালের ১১ জুলাই রাতে গাজীপুর সদর থানার পুবাইলে সড়কের পাশে জিয়াউল আহসানের সরাসরি উপস্থিতিতে সজলসহ তিনজনকে হত্যা করা হয়।দ্বিতীয় অভিযোগে ২০১০ থেকে ২০১৩ সালের মধ্যে বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের খালসংলগ্ন বলেশ্বর নদীর মোহনায় নজরুল, মল্লিকসহ ৫০ জনকে হত্যার কথা উল্লেখ করা হয়েছে।
তৃতীয় অভিযোগে একই সময়ে বরগুনার বলেশ্বর নদী ও বাগেরহাটের শরণখোলায় সুন্দরবনের বিভিন্ন এলাকায় তথাকথিত বনদস্যু দমনের আড়ালে মাসুদসহ আরও ৫০ জনকে হত্যার অভিযোগ আনা হয়েছে।এসব অভিযোগের ভিত্তিতে গত বছরের ১৭ ডিসেম্বর জিয়াউল আহসানের বিরুদ্ধে আনা তিনটি অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। একই দিন তাঁর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করে প্রসিকিউশন। পরে ২৩ ডিসেম্বর তাঁকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল-১।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মন্তব্য করুন