গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের অন্তত সাতটি স্থানে অবরোধ কর্মসূচি অব্যাহত রেখেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। সড়কে গাছের গুঁড়ি ও পুড়িয়ে দেওয়া গাড়ি ফেলে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে।বুধবার (১৮ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে খালেক (নীলফা) বাজার মোড়ে গিয়ে দেখা যায়, গাছের গুঁড়ি ও পোড়ানো গাড়ি দিয়ে সড়ক আটকে রাখা হয়েছে। এর আগে মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের বিভিন্ন স্থানে এই অবরোধ শুরু হয়।
অবরোধের আওতায় থাকা সাতটি স্থান হলো—নীলফা বাজার মোড়, রামচন্দ্রপুরের রওশনপুর, সিঙ্গিপাড়া, মল্লিকের মাঠ, নতুন বাজার, পাটগাতী বাসস্ট্যান্ড ও চৌরঙ্গী মোড়।
নীলফা বাজার মোড়ে অবরোধকারীদের একজন জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি এবং বাস চলাচলে বাধা দেওয়া হচ্ছে। তবে স্থানীয় বাসিন্দাদের যাতায়াতের সুবিধার্থে রিকশা ও ইজিবাইক সড়কের এক পাশ দিয়ে চলাচলের সুযোগ দেওয়া হচ্ছে।এদিকে, গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো তৎপরতা চোখে পড়েনি বলে জানা গেছে।অন্যদিকে, গোপালগঞ্জ শহরের চৌরঙ্গী এলাকা ও নীলফা বাজার মোড়ে অবরোধস্থলে মাইকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রচার করা হচ্ছে।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মন্তব্য করুন