খাগড়াছড়ির গুইমারায় পার্বত্য অঞ্চলের প্রান্তিক খামারিদের দক্ষতা বৃদ্ধি এবং প্রাণিসম্পদের সঠিক পরিচর্যা ও রোগ প্রতিরোধ সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে গবাদিপশু পালন ও চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি সেনা জোনের বাটনাতলী আর্মি ক্যাম্পের উদ্যোগে মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন সিন্দুকছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল কাজী নেহাত ফয়সল, পিএসসি, জি।
প্রশিক্ষণ কর্মসূচিতে বাটনাতলী আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন আফিফ আবিদুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুকান্ত কুমার সেন, প্রাণিসম্পদ সহকারী কেথোয়াই মার্মা, প্রাণিসম্পদ সহকারী মো. আজিজুল ইসলাম এবং বাটনাতলী ইউনিয়নের নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে দুর্গম বাটনাতলী ইউনিয়নের প্রান্তিক খামারিরা অংশগ্রহণ করেন। এ সময় গবাদিপশু, ছাগল, হাঁস-মুরগি ও শূকর পালন, সাধারণ রোগ শনাক্তকরণ, রোগ প্রতিরোধ, টিকাদান, কৃমিনাশক ওষুধের সঠিক ব্যবহার, সুষম খাদ্য ব্যবস্থাপনা এবং অসুস্থ প্রাণীর প্রাথমিক চিকিৎসা ও পরিচর্যা বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী খামারিদের মধ্যে পশু-পাখির প্রয়োজনীয় ওষুধসামগ্রী বিতরণ করা হয়।
স্থানীয়রা জানান, দুর্গম এলাকার প্রান্তিক খামারিদের জন্য এ ধরনের প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে প্রাণিসম্পদ পালনে তাদের দক্ষতা বাড়বে, পশু-পাখির রোগ ও মৃত্যুহার কমবে এবং পারিবারিক আয় বৃদ্ধির পাশাপাশি আর্থিক স্বাবলম্বিতা অর্জনের সুযোগ তৈরি হবে।
আয়োজকরা জানান, পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকার মানুষের জীবনমান উন্নয়ন, স্থানীয় জনগোষ্ঠীর স্বাবলম্বিতা বৃদ্ধি এবং জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের সিন্দুকছড়ি জোন এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখবে।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মন্তব্য করুন