ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের উদ্যোগে দিবসটি পালিত হয়। এ উপলক্ষে সকাল ১০ টায় বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ব্যবসায় প্রশাসন অনুষদের সামনে গিয়ে শেষ হয়। এসময় অংশগ্রহণকারীরা হিসাববিজ্ঞানের গুরুত্ব, পেশাগত সচেতনতা এবং সুশাসন প্রতিষ্ঠায় হিসাববিজ্ঞানের ভূমিকা তুলে ধরা বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ড বহন করেন।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যাক্ষ অধ্যাপক ড. মো. ইদ্রিস আলী, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুস শাহীদ মিয়া, বিভাগের সভাপতি অধ্যাপক ড. আব্দুস সবুর, কর্মসূচির আহ্বায়ক অধ্যাপক ড. আবু সিনা। এছাড়া অধ্যাপক ড. জাকির হোসেন, অধ্যাপক ড. মিজানূর রহমান, সহযোগী অধ্যাপক নাজমুল হুদা, সহযোগী অধ্যাপক ড. কামাল উদ্দীন, সহকারী অধ্যাপক ইসরাত জাহান সহ অনান্য শিক্ষকবৃন্দ ও বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।এসময় আজকের কর্মসূচির আহ্বায়ক অধ্যাপক ড. মো. আবু সিনা বলেন, একজন অ্যাকাউন্ট্যান্টের শুধু সংখ্যাগত দক্ষতা থাকলেই চলবে না, সত্য, স্বচ্ছতা ও নৈতিক দায়িত্ববোধের প্রতিও অঙ্গীকারবদ্ধ হতে হবে। আর্থিক প্রতিবেদন তৈরিতে কোনো ধরনের তথ্য গোপন, বিভ্রান্তিকর উপস্থাপন কিংবা অনৈতিক চর্চার সুযোগ থাকা উচিত নয়। অ্যাকাউন্টিং পেশার সঙ্গে সংশ্লিষ্ট সকলের নৈতিক দায়িত্ব যথাযথভাবে পালন এবং স্বচ্ছ ও নির্ভরযোগ্য তথ্য উপস্থাপন নিশ্চিত জরুরি।
বিভাগের সভাপতি অধ্যাপক ড. আব্দুস সবুর বলেন, অ্যাকাউন্টিং হলো ব্যবসার ভাষা। এটি আর্থিক প্রতিবেদন তৈরির মাধ্যমে একটি প্রতিষ্ঠানের ব্যবসায়িক কার্যক্রম, আর্থিক অবস্থা এবং ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে ধারণা দেয়। অ্যাকাউন্টিং মূলত স্বচ্ছতা, আস্থা, জবাবদিহি ও সুশাসনের ভাষা। নির্ভরযোগ্য অ্যাকাউন্টিং তথ্য ছাড়া কোনো ব্যবসাপ্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠান কিংবা সরকারি সংস্থার পক্ষে টেকসই উন্নয়ন অর্জন করা সম্ভব নয়।তিনি আরও বলেন, একজন বিনিয়োগকারী কোনো প্রতিষ্ঠানে বিনিয়োগের আগে জানতে চান, বিনিয়োগ কতটা নিরাপদ, প্রতিষ্ঠানটি লাভজনক কি না এবং ভবিষ্যতে এর সম্ভাবনা কেমন? এসব বিষয় নির্ভরযোগ্য আর্থিক প্রতিবেদন ছাড়া জানা সম্ভব নয়। আর এসব তথ্য সরবরাহের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে অ্যাকাউন্টিং।উল্লেখ্য, আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে বাংলাদেশ অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন সহযোগিতা করে।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মন্তব্য করুন