ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ঝিনাইদহ থেকে ক্যাম্পাসগামী শিক্ষার্থীদের ডাবল ডেকার ‘দিগন্ত’ বাসে পেট্রল বোমা হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে শাখা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। একই সঙ্গে এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি। মঙ্গলবার (১০ নভেম্বর) সংগঠনটির যুগ্ম আহ্বায়ক (দপ্তর) আবু সাঈদ খুদরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।বিজ্ঞপ্তিতে সংগঠনটির ইবি শাখার আহ্বায়ক এস এম সুইট ও সদস্য সচিব ইয়াসরুল কবির সৌরভ বলেন, গত ৯ নভেম্বর রাতে ঝিনাইদহের গাড়াগঞ্জ এলাকায় শিক্ষার্থীদের চলন্ত বাসে পেট্রল বোমা নিক্ষেপের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে প্রত্যাখ্যাত ও পরবর্তীতে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সন্ত্রাসী ক্যাডাররা দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি এবং সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে এ হামলা চালিয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চলন্ত বাসে পেট্রল বোমা নিক্ষেপের ঘটনা প্রমাণ করে, সাধারণ শিক্ষার্থীদের জীবন ও শিক্ষাঙ্গনের স্থিতিশীলতা নষ্ট করতে ফ্যাসিবাদের দোসররা এখনো তৎপর রয়েছে। অল্পের জন্য বাসটি বড় ধরনের বিপর্যয় ও শত শত শিক্ষার্থীর প্রাণহানি থেকে রক্ষা পেয়েছে। ৫ আগস্টের পর স্বাধীন বাংলাদেশে শিক্ষার্থীদের ওপর কোনো ধরনের ফ্যাসিবাদী আগ্রাসন বা সন্ত্রাসী হামলা বরদাশত করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তারা।বিজ্ঞপ্তিতে এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়। পাশাপাশি শিক্ষার্থীদের যাতায়াতের সব রুট ও ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানায় সংগঠনটি।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মন্তব্য করুন