মহাবিশ্বে প্রাণের অস্তিত্ব পাওয়া একমাত্র গ্রহ এখন পর্যন্ত পৃথিবী। তবে বিজ্ঞানীরা বলছেন, পৃথিবীর বাইরেও এমন কিছু গ্রহ থাকতে পারে, যেখানে প্রাণের উদ্ভব ও বিকাশের পরিবেশ পৃথিবীর চেয়েও বেশি অনুকূল। এসব গ্রহে স্থিতিশীল জলবায়ু, তরল পানির আধিক্য এবং প্রাণের বিবর্তনের জন্য পাওয়া যেতে পারে অতিরিক্ত দীর্ঘ সময়।
বিজ্ঞানীরা সম্ভাব্য এসব গ্রহকে বলছেন ‘সুপারহ্যাবিটেবল ওয়ার্ল্ডস’, অর্থাৎ অতিমাত্রায় বাসযোগ্য গ্রহ। গবেষকদের ধারণা, পৃথিবীর চেয়ে ২০ থেকে ৩০ শতাংশ বেশি প্রশস্ত এবং প্রায় দ্বিগুণ ভরের কিছু গ্রহ প্রাণের জন্য উপযোগী হতে পারে। এসব গ্রহের বেশি অভিকর্ষ ঘন বায়ুমণ্ডল ধরে রাখতে সাহায্য করতে পারে। পাশাপাশি শক্তিশালী চৌম্বকক্ষেত্র মহাকাশের ক্ষতিকর বিকিরণ থেকে সুরক্ষা দিতে পারে।
এ ক্ষেত্রে বিশেষ গুরুত্ব পাচ্ছে ‘কে-ডোয়ার্ফ’ নামে পরিচিত কমলা রঙের বামন নক্ষত্র। সূর্যের তুলনায় ছোট ও শীতল এসব নক্ষত্র ধীরে জ্বালানি পোড়ায় এবং দীর্ঘ সময় স্থিতিশীলভাবে আলো ছড়াতে পারে। ফলে এগুলোকে কেন্দ্র করে ঘোরা গ্রহে প্রাণের উদ্ভব ও বিবর্তনের জন্য বেশি সময় পাওয়া সম্ভব।
জার্মানির জ্যোতির্জীববিজ্ঞানী ইভা ভিলোভিচ কৃত্রিম কমলা আলো ব্যবহার করে উদ্ভিদের ওপর পরীক্ষা চালিয়েছেন। তাঁর পরীক্ষায় কমলা আলোয় উদ্ভিদের দ্রুত বৃদ্ধি দেখা গেছে। তবে এই ফলাফল থেকে অন্য গ্রহে প্রাণের অস্তিত্ব নিশ্চিত করা যায় না।
২০১৪ সালে জ্যোতির্বিজ্ঞানী রেনে হেলার ও জন আর্মস্ট্রং সুপারহ্যাবিটেবল গ্রহের ধারণা নিয়ে গবেষণাপত্র প্রকাশ করেন। তাঁদের মতে, প্রাণের সন্ধানে শুধু পৃথিবীর মতো গ্রহ খোঁজার মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়। গবেষকদের হিসাব অনুযায়ী, প্রায় ৫০ কোটি বছর পর পৃথিবী জটিল জীবনের জন্য অতিরিক্ত উত্তপ্ত হয়ে উঠতে পারে। অন্যদিকে, কিছু গ্রহ দীর্ঘ সময় বাসযোগ্য থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এসব গ্রহে সত্যিই প্রাণ আছে কি না, তা এখনো অজানা। সম্ভাব্য গ্রহগুলোর বায়ুমণ্ডলে প্রাণের ইঙ্গিতবাহী গ্যাস খুঁজে দেখার পরিকল্পনা করছেন বিজ্ঞানীরা।
ইউরোপীয় মহাকাশ সংস্থার ‘প্ল্যাটো’ অভিযান ২০২৭ সালে উৎক্ষেপণের পরিকল্পনা রয়েছে। এ ছাড়া জেমস ওয়েব মহাকাশ দূরবীক্ষণযন্ত্র এবং ভবিষ্যতের আরও শক্তিশালী পর্যবেক্ষণযন্ত্র গ্রহগুলোর বায়ুমণ্ডল বিশ্লেষণে সহায়তা করতে পারে।
তবে বিজ্ঞানীদের সতর্কতা—কোনো গ্রহে প্রাণের উপযোগী পরিবেশ থাকলেই সেখানে প্রাণ রয়েছে, এমন নিশ্চয়তা নেই। পৃথিবীর বাইরে প্রাণের অস্তিত্বের প্রমাণ পাওয়া গেলে তা হবে বিজ্ঞানের এক ঐতিহাসিক আবিষ্কার।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মন্তব্য করুন