সৌদি আরবের রাজধানী রিয়াদ লক্ষ্য করে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের ছোড়া তিনটি ক্ষেপণাস্ত্র আকাশেই প্রতিহত ও ধ্বংসের দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।
গত বৃহস্পতিবার রিয়াদের সর্বোচ্চ আকাশচুম্বী ভবন ‘পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড টাওয়ার’-এ হামলার কয়েক দিনের মাথায় শনিবার আবারও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে। এটি রাজধানীকে লক্ষ্য করে দ্বিতীয় দফা হামলা বলে জানানো হয়েছে।
রয়টার্সের এক প্রত্যক্ষদর্শী রিয়াদের আকাশে ধোঁয়ার রেখা তৈরি করে ক্ষেপণাস্ত্র ছুটে যেতে দেখেছেন। এ সময় বিকট বিস্ফোরণের শব্দও শোনা যায়।
এর আগে শুক্রবার ইয়েমেনের হুদাইদাহ বন্দর ও রাজধানী সানায় হুথিদের সাতটি সামরিক স্থাপনায় হামলা চালায় সৌদি নেতৃত্বাধীন জোট। এর মধ্যে ক্ষেপণাস্ত্র ও ড্রোন তৈরির ছয়টি ওয়ার্কশপ ছিল বলে জানানো হয়েছে।
এর জবাবে সৌদি বন্দরগুলোতে হামলার হুমকি দিয়েছে হুথিরা। একই সঙ্গে বিমান সংস্থাগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার সতর্কবার্তা দিয়েছে তারা।
অন্যদিকে, ইয়েমেনের সরকারি সেনাবাহিনীর দাবি, ‘ডন অব ইয়েমেন’ অভিযানের আওতায় বিভিন্ন রণাঙ্গনে ৮৫৪টি বিমান, কামান ও ড্রোন হামলা চালানো হয়েছে। এসব হামলায় ১৯৩ জন হুতি কমান্ডার ও যোদ্ধা হতাহত হয়েছেন এবং ধ্বংস হয়েছে ৮১টি সামরিক যান।আল-জাওফ, মারিব ও তাইজসহ বিভিন্ন ফ্রন্টে অভিযান অব্যাহত রয়েছে। ২০১৪ সালে হুথিরা রাজধানী সানা দখলের পর থেকে চলা দীর্ঘ সংঘাত গত জুলাইয়ে আবারও তীব্র আকার ধারণ করে।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মন্তব্য করুন