ফ্যামিলি কার্ড পেতে লাগবে যেসব কাগজপত্র, জানাল সমাজসেবা অধিদপ্তর

আপডেটঃ ২১ নভেম্বর, ২০২৬ | ৫:০৩ 203 shares
ফ্যামিলি কার্ড পেতে লাগবে যেসব কাগজপত্র, জানাল সমাজসেবা অধিদপ্তর

সরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় দেশব্যাপী পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম চলছে। এ কার্যক্রমের অংশ হিসেবে তথ্য সংগ্রহকারীরা শিগগিরই বাড়ি, ফ্ল্যাট ও ঘরে গিয়ে সরাসরি পরিবারের সদস্যদের তথ্য সংগ্রহ করবেন। এ জন্য প্রয়োজনীয় কাগজপত্র ও তথ্য আগে থেকেই প্রস্তুত রাখার আহ্বান জানিয়েছে সমাজসেবা অধিদপ্তর।সম্প্রতি সমাজসেবা অধিদপ্তরের তেজগাঁও সার্কেল কার্যালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে নাগরিকদের প্রতি এ আহ্বান জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফ্যামিলি কার্ড কর্মসূচি বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির এক নম্বর এবং সর্বোচ্চ অগ্রাধিকারপ্রাপ্ত কর্মসূচি। প্রতিটি পরিবারকে শুমারির আওতায় আনার লক্ষ্যে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সার্বিক ব্যবস্থাপনায় ২০২৬ সালের অক্টোবর থেকে দেশব্যাপী পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

তথ্য সংগ্রহকারীরা যেকোনো সময় সংশ্লিষ্ট পরিবারের বাড়িতে যেতে পারেন। তাই তথ্য সংগ্রহের কাজ সহজ ও নির্ভুল করতে কয়েক ধরনের কাগজপত্র হাতের কাছে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

যেসব কাগজপত্র ও তথ্য প্রস্তুত রাখতে হবে

ফ্যামিলি কার্ড যে নারী সদস্যের নামে ইস্যু করা হবে, প্রথমেই তাঁর জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) কপি প্রস্তুত রাখতে হবে। পাশাপাশি পরিবারের অন্য সদস্যদের এনআইডির কপি এবং যাঁদের জাতীয় পরিচয়পত্র নেই, তাঁদের জন্মনিবন্ধন সনদ রাখতে হবে। বিশেষ করে ১৮ বছরের কম বয়সী সদস্যদের জন্মনিবন্ধন সনদ প্রস্তুত রাখার কথা বলা হয়েছে।


এ ছাড়া কার্ডগ্রহীতা নারীর এনআইডি দিয়ে নিবন্ধিত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) অ্যাকাউন্টের তথ্য দিতে হবে। পরিবারের আয়-ব্যয়, সম্পদ ও সদস্যসংক্রান্ত সঠিক তথ্যও প্রস্তুত রাখতে হবে।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, তথ্য সংগ্রহের সময় বাড়ির ছবি এবং কার্ডগ্রহীতা নারীর ছবি প্রয়োজন হতে পারে। এ ছাড়া প্রয়োজন অনুযায়ী নির্ধারিত ফরমে স্বাক্ষর অথবা টিপসই দেওয়ার প্রস্তুতি রাখতে হবে।

কার্ডের জন্য কাউকে টাকা দেওয়া যাবে না

ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রতারণা ঠেকাতে বিশেষ সতর্কবার্তাও দিয়েছে সমাজসেবা অধিদপ্তর। বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে জানানো হয়েছে, ফ্যামিলি কার্ড সম্পূর্ণ বিনা মূল্যে দেওয়া হবে। কার্ড পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে কেউ অর্থ দাবি করলে তাঁকে কোনো টাকা দেওয়া যাবে না।একই সঙ্গে তথ্য সংগ্রহকারীদের সঠিক ও পূর্ণাঙ্গ তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। কোনো পরিবার যেন তথ্য সংগ্রহ বা শুমারির আওতা থেকে বাদ না পড়ে, সে বিষয়েও নাগরিকদের সচেতন থাকতে বলা হয়েছে।

জনসচেতনতা তৈরিতে প্রতিষ্ঠানগুলোর সহযোগিতা চাওয়া হয়েছে

ফ্যামিলি কার্ড কর্মসূচির বিষয়ে সাধারণ মানুষকে জানাতে মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার অনুরোধ জানানো হয়েছে।এ ছাড়া সংশ্লিষ্ট এলাকার মসজিদের ইমাম, খতিব, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান এবং সুশীল সমাজের নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করা হয়েছে।

সমাজসেবা অফিসার ইনসান আলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ফ্যামিলি কার্ড কর্মসূচির সফল বাস্তবায়নে জনসচেতনতা সৃষ্টি ও সহযোগিতা করা সবার সম্মিলিত দায়িত্ব। তাই তথ্য সংগ্রহের সময় প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখা এবং সঠিক তথ্য দিয়ে কর্মীদের সহায়তা করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
গোপালগঞ্জে ছাত্রলীগের বিক্ষোভের ঘোষণা, কাশিয়ানীতে মাইকিং অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর, দুই আদালতে হবে আসামিদের বিচার পাগলা মসজিদের দানবাক্সে এবার মিলল ৫১ বস্তা টাকা গোপালগঞ্জে শান্তি বজায় রাখতে জনগণের সহযোগিতা চাইলেন আইজিপি রোহিঙ্গা গণহত্যা মামলায় আইসিজের রায় মানছে না মিয়ানমার রামুতে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত বিয়ের সাজের বদলে নিথর দেহ, মাধবপুরে দুই তরুণীর মৃত্যু শীতের সবজি উঠতেই দাম বাড়ল, চালেও স্বস্তি নেই গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় আইজিপিসহ তিন বাহিনীর প্রধান ইরান যুদ্ধ বন্ধের প্রস্তাব সিনেটে নাকচ, ট্রাম্পের পাশে রিপাবলিকানরা