সৌদি আরব থেকে দেশে ফিরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ছিনতাইয়ের শিকার হয়েছেন এক প্রবাসী। এ ঘটনায় পাখি নামে ২২ বছর বয়সী এক নারীকে আটক করেছে আনসার সদস্যরা। তাঁর কাছ থেকে ছিনিয়ে নেওয়া স্মার্টফোন উদ্ধার করা হলেও নগদ ১০ হাজার টাকা নিয়ে পালিয়ে গেছেন অপর দুই নারী।শুক্রবার ২০ নভেম্বর রাত ২টা ২০ মিনিটের দিকে বিমানবন্দরের ক্যানোপি-২ এলাকায় এ ঘটনা ঘটে।আনসার ও ভিডিপির সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা নাজমুস সাকিব জানান, সৌদি আরব থেকে দেশে আসা প্রবাসী সুমন মিয়া বিমানবন্দরের ক্যানোপি-২ এলাকায় নিজের মালামাল রেখে ডলার ভাঙাতে ভেতরে যান। কিছুক্ষণ পর ফিরে এলে তিন নারী তাঁর কাছে সাহায্য চান।
আনসার বাহিনীর ভাষ্য অনুযায়ী, সুমন সাহায্য করতে অস্বীকৃতি জানালে ওই নারীদের একজন কৌশলে তাঁর পকেট থেকে ১০ হাজার টাকা নিয়ে নেন। এ সময় আরেক নারী তাঁর হাত থেকে স্মার্টফোন ছিনিয়ে পালানোর চেষ্টা করেন।প্রবাসীর চিৎকার শুনে দায়িত্বে থাকা সহকারী ইনচার্জ এপিসি মতিয়ার রহমান দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। পরে এলাকার ইনচার্জ পিসি মো. আনিছের নেতৃত্বে আনসার সদস্যরা পাখি নামে ওই নারীকে আটক করেন।আটক নারীর কাছ থেকে প্রবাসীর স্মার্টফোনটি উদ্ধার করা হয়েছে। তবে অপর দুই নারী নগদ টাকা নিয়ে পালিয়ে গেছেন। আটক নারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে আনসার বাহিনী।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মন্তব্য করুন