রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ২৯৯ জনকে আটক করা হয়েছে। এ সময় বিভিন্ন অভিযোগে ৩২টি মামলা করা হয়েছে। অভিযানে ককটেল, গাঁজা, ইয়াবাসহ বিভিন্ন আলামত উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২১ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, আটকদের মধ্যে মিরপুর বিভাগে সর্বোচ্চ ৭৩ জন রয়েছেন। এ ছাড়া উত্তরা বিভাগে ৪৭, তেজগাঁও বিভাগে ৪৮, ওয়ারী বিভাগে ৩৭, মতিঝিল বিভাগে ২৬, রমনা বিভাগে ২৩, লালবাগ বিভাগে ১৯ এবং গুলশান বিভাগে ১৮ জনকে আটক করা হয়েছে। গোয়েন্দা বিভাগ ও এসআরইউ বিভাগ পৃথকভাবে চারজন করে আটক করেছে।
অভিযানকালে চারটি অবিস্ফোরিত ও চারটি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ উদ্ধার করা হয়। এ ছাড়া ২৩ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ৫০টি ইয়াবা, চার বোতল তরল পেট্রল, পেট্রলভর্তি দুটি পলিথিনের গোলা, একটি গ্যাসলাইট, ছয়টি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।নিয়াজ মেহেদী জানান, শুক্রবার (২০ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য ও আলামত উদ্ধার করা হয়। এ সময় সংশ্লিষ্টদের আটক করা হয়েছে।
আটকদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মন্তব্য করুন