কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের চর সাদিপুর গ্রামে একই রাতে দুই ব্যক্তির বাড়ির সামনে রহস্যজনকভাবে লাল রঙের শপিং ব্যাগ রেখে যাওয়ার অভিযোগ উঠেছে। ব্যাগের ভেতরে কাফনের কাপড়, আগরবাতি, গোলাপজল ও একটি সাবানসহ বিভিন্ন সামগ্রীর পাশাপাশি পাওয়া গেছে হুমকিমূলক বার্তা লেখা কাগজ।
চর সাদিপুর গ্রামের বাসিন্দা মোঃ বাচ্চু মালিথা (৩০) ও মোঃ মনিরুজ্জামান মনি (৪০) পৃথকভাবে এ অভিযোগ করেন।ঘটনাটি গত ১১ নভেম্বর ২০২৬ তারিখ রাত আনুমানিক ১২টা ১০ মিনিট থেকে রাত ৩টার মধ্যে অজ্ঞাতনামা ব্যক্তি বা ব্যক্তিরা তাঁদের বাড়ির সামনে লাল রঙের শপিং ব্যাগ রেখে যায়। পরদিন ভোরে নামাজের উদ্দেশ্যে ঘুম থেকে উঠে বাড়ির বাইরে বের হলে তাঁরা ব্যাগগুলো দেখতে পান।
ভুক্তভোগীদের অভিযোগ, এ ধরনের ঘটনায় তাঁরা নিজেদের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। ভবিষ্যতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এবং বিষয়টি আইনগতভাবে নথিভুক্ত রাখার জন্য তাঁরা দৌলতপুর থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি করেছেন।ঘটনাটি একই এলাকার দুই ব্যক্তির বাড়িতে ঘটায় স্থানীয়দের মধ্যেও উদ্বেগের সৃষ্টি হয়েছে। কারা কী উদ্দেশ্যে এ ধরনের ঘটনা ঘটিয়েছে, তা নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
এখন প্রশ্ন হচ্ছে, রাতের আঁধারে কারা এই রহস্যজনক ব্যাগ রেখে গেল এবং এর পেছনে কী উদ্দেশ্য রয়েছে? বিষয়টি তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন ও ভুক্তভোগীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তাঁরা।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মন্তব্য করুন