গাজীপুরের কালীগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলটি সোনালী ব্যাংকের মোড় থেকে শুরু হয়ে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন কালীগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম প্রধান ও পৌর ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল ইসলাম।
পথসভায় বক্তারা বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছে। কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা যাতে কোনো ধরনের সাংগঠনিক বা রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে না পারে, সে জন্য বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের প্রতিটি ওয়ার্ডে সজাগ ও সতর্ক থাকতে হবে।তারা আরও বলেন, জুলাই আন্দোলনে ছাত্র-জনতা হত্যার সঙ্গে জড়িত অপরাধীদের অবিলম্বে দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করতে হবে। এ বিষয়ে সরকারের প্রতি জোর দাবি জানান বক্তারা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ মৃধা, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশরাফ নেওয়াজ চৌধুরী শাওন, পৌর বিএনপির সদস্য সালাহউদ্দিন আহমেদ, থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম আকন্দ, পৌর যুবদলের আহ্বায়ক কায়েস ইসলাম, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক, সদস্য সচিব রাশিদুল হাসান রিপন, সরকারি শ্রমিক কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক হিমেল খান, পৌর কৃষক দলের সভাপতি হায়দার আলী, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক শওকত আকবরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মন্তব্য করুন