কুষ্টিয়ার কুমারখালীতে ১৪ বছর বয়সী এক শিশুকে হত্যার হুমকি দিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে তার সৎ নানার বিরুদ্ধে। অভিযোগ প্রকাশ্যে আসার পর স্থানীয়রা অভিযুক্তকে আটক করলেও পুলিশ পৌঁছানোর আগেই তিনি পালিয়ে যান।
শিশুটির পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে ভয়ভীতি দেখিয়ে তাকে যৌন নির্যাতন করা হয়েছে। সম্প্রতি চিকিৎসকের কাছে নেওয়ার পর পরীক্ষায় শিশুটি প্রায় সাত মাসের অন্তঃসত্ত্বা বলে জানা যায়।
ঘটনাটি জানাজানি হলে মঙ্গলবার সকালে স্থানীয়রা কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের রায়ডাঙ্গা গ্রামের রইচ উদ্দিনকে আটক করে পুলিশে খবর দেন। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তিনি কৌশলে পালিয়ে যান।
এ ঘটনায় শিশুটির মামা কুমারখালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। মামলায় ৫৫ বছর বয়সী রইচ উদ্দিনকে আসামি করা হয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, শিশুটির মা প্রায় ১০ বছর আগে মারা যান। পরে তার বাবা দ্বিতীয় বিয়ে করেন। শিশুটির সৎ মা অভিযুক্ত রইচ উদ্দিনের মেয়ে।
প্রায় এক বছর আগে সৎ মা চিকিৎসার জন্য বাইরে যাওয়ার সময় শিশুটির বাবা তাকে রইচ উদ্দিনের বাড়িতে রেখে যান। পরিবারের অভিযোগ, ওই সময় শিশুটিকে ভয়ভীতি দেখিয়ে প্রথমবার নির্যাতন করা হয়। এরপর বিভিন্ন সময় তাকে একইভাবে ভয় দেখিয়ে নির্যাতন করা হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
পরে পেটে ব্যথা অনুভব করলে স্বজনেরা শিশুটিকে স্থানীয় এক গাইনি চিকিৎসকের কাছে নিয়ে যান। প্রথমে টিউমারের আশঙ্কা করা হলেও পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক জানান, শিশুটি অন্তঃসত্ত্বা।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দিন জানিয়েছেন, ১৪ বছর বয়সী শিশুকে হত্যার হুমকি দিয়ে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। অভিযুক্ত রইচ উদ্দিনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ঘটনাটি তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মন্তব্য করুন