জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এ দিবস জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে বলে মন্তব্য করেছেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার।তিনি বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের মূল শিক্ষা হলো জাতীয় ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে কাজ করা। জনগণের প্রত্যাশা পূরণে গণতন্ত্র, আইনের শাসন, ন্যায়বিচার ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই।
শনিবার (৭ নভেম্বর) সকালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হুমায়ূন কবির মাস্টার, বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ারুল হক বাচ্চু, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. আশরাফুল ইসলাম এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিকুর রহমান খান।বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বলেন, ব্যক্তিস্বার্থ, মতভেদ ও বিভেদ ভুলে দেশের মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জাতীয় ঐক্য ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি সমৃদ্ধ, গণতান্ত্রিক, মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা হাসিবুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সামসুজ্জামান আকন্দ, গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির কালীগঞ্জ জোনাল অফিসের ডিজিএম মো. জাহাঙ্গীর আলম, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আবদুল আলিমসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।
সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আলোচনা সভাটি প্রাণবন্ত হয়ে ওঠে।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মন্তব্য করুন