কর্মীদের ওপর হামলার প্রতিশোধ নিতে দলীয়ভাবে বাধা দেওয়া হলে জামায়াতে ইসলামী ছেড়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও দলটির নেতা মুফতি আমির হামজা। তিনি বলেছেন, ‘একটা মারলে দুইটা মারব। কর্মীদের ওপর হামলার প্রতিশোধ নিতে জামায়াত বাধা দিলে প্রয়োজনে দল ছেড়ে দেব।’
শুক্রবার (২৭ নভেম্বর) রাতে নিজের যাচাইকৃত ফেসবুক পেজে প্রকাশিত একটি ফটোকার্ডে এমন বক্তব্য তুলে ধরেন তিনি। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতেও আমির হামজাকে একই ধরনের বক্তব্য দিতে শোনা যায়। সেখানে তিনি বলেন, ‘সবর-মবর (অপেক্ষা) এখন বাদ। না, না, কোনো সবর নেই। দরকার হলে জামায়াত ছেড়ে দেব। মার খাওয়ার মধ্যে নেই। একটা মারবে, দুইটা মারব, সেই ব্যবস্থা।’শুক্রবার রাত ৯টার কিছু আগে হাস্যোজ্জ্বল একটি ছবি দিয়ে ফটোকার্ডটি প্রকাশ করেন আমির হামজা। সেখানে লেখা ছিল, কর্মীদের ওপর হামলার প্রতিশোধ নিতে জামায়াত বাধা দিলে প্রয়োজনে দল ছেড়ে দেবেন তিনি।
তবে রাত সাড়ে ১০টার পর ফটোকার্ডটি তার ফেসবুক পেজ থেকে সরিয়ে নেওয়া হয়। সরানোর আগে পোস্টটিতে প্রায় ২১ হাজার ৮০০টি প্রতিক্রিয়া, ১ হাজার ৯০০টি মন্তব্য এবং ৪৮৩টি শেয়ার পড়েছিল।জানা গেছে, গত বুধবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের জুগিয়া ভাটাপাড়া এলাকায় শহর জামায়াতের ইউনিট সদস্য ও দল মনোনীত কাউন্সিলর প্রার্থী মো. শাহজাহানের কার্যালয় এবং বাড়িতে হামলার ঘটনা ঘটে। এ সময় ব্যাপক ভাঙচুরের পাশাপাশি দুটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়। হামলার সময় কয়েক রাউন্ড গুলিও ছোড়া হয়।পরে পুলিশ ঘটনাস্থল থেকে বিদেশি পিস্তলের পাঁচ রাউন্ড তাজা গুলি ও সাতটি গুলির খোসা উদ্ধার করে। হামলায় জামায়াতের ছয়জন স্থানীয় কর্মী আহত হন। তাদের কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
এ ঘটনার পরদিন বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে আমির হামজা বলেছিলেন, ‘আমি সেখানে বলে এসেছি, যত দিন রাস্তা ঠিক না হবে, তত দিন এখানে কোনো ডাম্প ট্রাক চলবে না।’এর কয়েক দিন পরই জামায়াতের স্থানীয় কার্যালয় ও কাউন্সিলর প্রার্থী মো. শাহজাহানের বাড়িতে হামলা, ভাঙচুর এবং গুলিবর্ষণের ঘটনা ঘটে।
এদিকে ফেসবুকে দেওয়া বক্তব্যের বিষয়ে জানতে সংসদ সদস্য মুফতি আমির হামজার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। ফলে ফটোকার্ডটি সরিয়ে নেওয়ার কারণ সম্পর্কে তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মন্তব্য করুন