জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি স্বামী মহসিন মেহেদীর সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন। দীর্ঘদিনের দাম্পত্য জীবনের ইতি টেনে দুজন আলাদা পথে চলার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন এই শিল্পী।বুধবার (২৫ নভেম্বর) রাত পৌনে ১০টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে বিচ্ছেদের বিষয়টি জানান ন্যান্সি। ইংরেজিতে লেখা পোস্টে তিনি বলেন, মেহেদী ও তিনি আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। একসময় যে পথচলা তাদের কাছে সবকিছু ছিল, তার সমাপ্তি ঘটেছে।একসঙ্গে কাটানো দীর্ঘ সময়ের স্মৃতি ও অভিজ্ঞতার কথা উল্লেখ করে ন্যান্সি জানান, তারা এখন থেকে আলাদা পথে এগিয়ে যাবেন। এ সময় তাদের নিয়ে যারা উদ্বিগ্ন ছিলেন এবং ভালোবাসা দিয়ে পাশে থেকেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
পাশাপাশি নতুন এই সময়টায় সবার সহযোগিতা ও সম্মান কামনা করে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অনুরোধ জানিয়েছেন ন্যান্সি। জীবনের নতুন অধ্যায় শক্তি, মর্যাদা ও প্রশান্তির সঙ্গে শুরু করতে চান বলেও পোস্টে উল্লেখ করেন তিনি।গানের সূত্র ধরেই ন্যান্সি ও মহসিন মেহেদীর পরিচয় এবং বন্ধুত্বের শুরু। পরে সেই সম্পর্ক ভালোবাসায় রূপ নেয়। ২০২১ সালের আগস্টে পারিবারিকভাবে আংটিবদল ও বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা। এটি ছিল ন্যান্সির তৃতীয় বিয়ে।
এর আগে ২০০৬ সালে ব্যবসায়ী আবু সাঈদ সৌরভকে বিয়ে করেছিলেন ন্যান্সি। ২০১২ সালে তাদের বিচ্ছেদ হয়। এরপর ২০১৩ সালের ৪ মার্চ নাজিমুজ্জামান জায়েদকে বিয়ে করেন তিনি। তবে সেই সংসারও দীর্ঘস্থায়ী হয়নি।দাম্পত্যজীবনের নানা চড়াই-উতরাই পেরিয়ে মহসিন মেহেদীর সঙ্গে নতুন করে সংসার শুরু করেছিলেন ন্যান্সি। এবার সেই সম্পর্ক থেকেও সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন দুজন।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মন্তব্য করুন