নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের ঘটনায় র্যাবের সাবেক কর্মকর্তা কর্নেল (অব.) জিয়াউল আহসানের নির্দেশনা ও ভূমিকার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল। তিনি বলেছেন, মামলার প্রধান আসামি তারেক সাঈদ মোহাম্মদের ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জিয়াউল আহসানের নির্দেশনা ও অনুমতির বিষয়টি উঠে এসেছে।
বুধবার (২৫ নভেম্বর) সাত খুন মামলার আপিল শুনানি শেষে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। অ্যাটর্নি জেনারেলের ভাষ্য অনুযায়ী, তারেক সাঈদের বক্তব্যে বলা হয়েছে, জিয়াউল আহসানের নির্দেশ ও অনুমতি ছাড়া র্যাবের কোনো অভিযান পরিচালিত হতো না।অ্যাটর্নি জেনারেল বলেন, সাত খুন দেশের এমন একটি অপরাধ, যা সমাজের প্রত্যেক মানুষকে নাড়া দিয়েছে। মামলার নথি ও আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হত্যাকাণ্ডের ভয়াবহ বিবরণ উঠে এসেছে। প্রথমে পাঁচজনকে অপহরণ করা হয়। পরে আইনজীবী চন্দন সরকার ও তার গাড়িচালক ঘটনাটি দেখে ফেলায় তাদেরও অপহরণ করা হয়। এরপর সাতজনকে অচেতন করে হত্যা করা হয়। হত্যার পর মরদেহের পেটে ইট ও সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলে দেওয়া হয়, যাতে মরদেহ পানিতে ভেসে না ওঠে।
তিনি জানান, আসামিদের জবানবন্দিতে হত্যার পরিকল্পনা থেকে শুরু করে অপহরণ, হত্যা এবং মরদেহ গুম করার বিভিন্ন পর্যায়ের বিবরণ রয়েছে। এসব বক্তব্যের সঙ্গে মামলার অন্যান্য সাক্ষ্যপ্রমাণেরও সামঞ্জস্য পাওয়া গেছে।আপিল শুনানিতে রাষ্ট্রপক্ষের হয়ে অ্যাটর্নি জেনারেল নিজে এবং অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক যুক্তি উপস্থাপন করেন। এ সময় হাইকোর্টের রায়ের বিভিন্ন অংশ এবং আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দির গুরুত্বপূর্ণ তথ্য আদালতের সামনে তুলে ধরা হয়।
ব্যারিস্টার অনীক আর হক বলেন, হত্যাকাণ্ডের সময় কোনো প্রত্যক্ষদর্শী না থাকায় আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি মামলাটিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। রাষ্ট্রপক্ষ তারেক সাঈদ মোহাম্মদ, মেজর (অব.) আরিফ হোসেন, লেফটেন্যান্ট কমান্ডার এম এম রানা, হাবিলদার এমদাদুল হক ও সিপাহী আবু তৈয়বের জবানবন্দির বিভিন্ন অংশ আদালতে পড়ে শুনিয়েছে।জিয়াউল আহসানের প্রসঙ্গে তিনি জানান, তারেক সাঈদের জবানবন্দিতে তৎকালীন র্যাব সদর দপ্তরের এডিজি (অপারেশনস) কর্নেল জিয়াউল আহসানের নির্দেশনার বিষয়টি উল্লেখ রয়েছে। ২০১৩ সালের নভেম্বরের প্রথম সপ্তাহে র্যাব-১১-এর কমান্ডিং অফিসার হিসেবে যোগ দেন তারেক সাঈদ। তার বক্তব্য অনুযায়ী, তালিকাভুক্ত সন্ত্রাসীদের বিষয়ে সিদ্ধান্ত নিতে র্যাব সদর দপ্তরের এডিজি (অপারেশনস) কর্নেল জিয়ার অনুমতি প্রয়োজন হতো। ব্যাটালিয়ন কমান্ডিং অফিসারের নিজ উদ্যোগে তালিকাভুক্ত সন্ত্রাসী গ্রেপ্তারের এখতিয়ার ছিল না।
জবানবন্দিতে তারেক সাঈদ আরও উল্লেখ করেন, ২০১৪ সালের মার্চে র্যাব সদর দপ্তরে সিও কনফারেন্সে কর্নেল জিয়াউল আহসান তাকে সন্ত্রাসীদের একটি তালিকা দেন। ওই তালিকায় নারায়ণগঞ্জের নজরুল ইসলামের নাম ছিল। নামের পাশে বিশেষ চিহ্ন দিয়ে তাকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদের জন্য র্যাব সদর দপ্তরে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছিল। পরে কোম্পানি কমান্ডারদের সম্মেলনে ওই তালিকার কথা জানিয়ে চিহ্নিত ব্যক্তিদের গ্রেপ্তারের নির্দেশ দেন তারেক সাঈদ।সাত খুন মামলায় জিয়াউল আহসানকে আসামি করা হয়নি কেন—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, প্রচলিত আইনে এ মামলার বিচার হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া আলাদা। এ মামলায় জিয়াউল আহসানকে আসামি না করার বিষয়টি ভিন্ন। তবে সাক্ষ্য ও জবানবন্দিতে তার নাম এবং দায়িত্বের বিষয়টি এসেছে বলেই এর আগে সম্পন্ন হওয়া বিচারিক প্রক্রিয়াকে ত্রুটিপূর্ণ বলার সুযোগ নেই।
অ্যাটর্নি জেনারেল জানান, এ মামলায় হাইকোর্ট ১৫ জনকে মৃত্যুদণ্ড, ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং আরও নয়জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন। রাষ্ট্রপক্ষ হাইকোর্টের রায় বহাল রাখার পক্ষে যুক্তি উপস্থাপন করছে।তিনি আরও বলেন, দ্রুত বিচার পাওয়া প্রত্যেক নাগরিকের অধিকার। আদালতের ব্যস্ততা ও বাস্তবতার কারণে অনেক সময় নির্ধারিত সময়ে বিচার শেষ করা সম্ভব হয় না। তবে আলোচিত ও গুরুতর অপরাধের মামলাগুলো দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নিয়েছে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়।
এ লক্ষ্যে নভেম্বর ও ডিসেম্বরের প্রথম সপ্তাহে আপিল বিভাগে অগ্রাধিকার ভিত্তিতে চারটি আলোচিত মামলার শুনানি নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়েছে। মামলাগুলো হলো—নারায়ণগঞ্জের সাত খুন, বুয়েটের আবরার ফাহাদ হত্যা, মেজর সিনহা হত্যা এবং বিশ্বজিৎ দাস হত্যা মামলা। এসব মামলার শুনানি ও নিষ্পত্তির মাধ্যমে সাজা কার্যকরের বিষয়ে মানুষের প্রত্যাশা পূরণ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।সাত খুন মামলার আপিল শুনানি প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল জানান, বুধবার দিনভর রাষ্ট্রপক্ষ আদালতে যুক্তি উপস্থাপন করেছে। বৃহস্পতিবারও শুনানি অব্যাহত থাকার কথা রয়েছে। এদিন মামলার তথ্য-প্রমাণ ও আসামিদের জবানবন্দির গুরুত্বপূর্ণ অংশ আদালতের সামনে তুলে ধরবে রাষ্ট্রপক্ষ।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মন্তব্য করুন