ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ঘিরে বাংলাদেশের রাজনীতিতে বাড়ছে উত্তাপ। একই সঙ্গে তার প্রত্যর্পণ ইস্যুতে ঢাকা-দিল্লি সম্পর্কেও তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা। কূটনৈতিক বিশ্লেষকদের মতে, বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের যে সম্ভাবনা তৈরি হয়েছিল, তা এখন নানা কারণে বাধাগ্রস্ত হচ্ছে।২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশ ছেড়ে ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে তিনি ভারতেই অবস্থান করছেন। রাজনৈতিক পটপরিবর্তনের পর আওয়ামী লীগের বহু নেতাকর্মীও বিভিন্ন দেশে আশ্রয় নেন।দীর্ঘ বিরতির পর চলতি বছরের ৫ আগস্ট দিল্লি থেকে ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে যুক্ত হন শেখ হাসিনা। এ ঘটনায় অসন্তোষ প্রকাশ করে ঢাকা। কূটনৈতিক বিশ্লেষকদের মতে, বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের যে সম্ভাবনা তৈরি হয়েছিল, শেখ হাসিনার ওই সংবাদ সম্মেলনের পর তাতে ভাটা পড়ে। পরবর্তী সময়ে বিভিন্ন ইস্যুতে দুই দেশের মধ্যে আস্থার সংকট আরও গভীর হয়েছে।
এরই মধ্যে আগামী ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন শেখ হাসিনা। এ ঘোষণাকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা আলোচনা। প্রতিবেদনে বলা হয়েছে, গত ৯ নভেম্বর বাংলাদেশে ফেরার জন্য নতুন পাসপোর্টের আবেদনও করেছেন তিনি। পাশাপাশি ডিসেম্বরকে সামনে রেখে আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচি পালনের খবরও সামনে এসেছে।
অন্যদিকে, শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তির আওতায় দেশে ফেরত পাঠাতে শুরু থেকেই ভারতের কাছে দাবি জানিয়ে আসছে বাংলাদেশ। তবে দিল্লি বিষয়টিকে আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে উল্লেখ করলেও প্রত্যর্পণের বিষয়ে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো উদ্যোগ নেয়নি।
সাবেক রাষ্ট্রদূত মাহফুজুর রহমান যুগান্তরকে বলেন, শেখ হাসিনার প্রত্যর্পণের দাবিতে বাংলাদেশের অবস্থান স্পষ্ট ও কঠোর। এ বিষয়ে নোট ভারবাল দেওয়ার পাশাপাশি সংবাদ সম্মেলনেও আনুষ্ঠানিক অবস্থান তুলে ধরেছে ঢাকা। তবে আড়ালে কোনো আলোচনা হয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত তথ্য নেই।
অন্যদিকে, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর পিস স্টাডিজের পরিচালক অধ্যাপক ড. এম জসিম উদ্দিনের মতে, বাংলাদেশ ও ভারত বর্তমানে গুরুত্বপূর্ণ কূটনৈতিক সন্ধিক্ষণে রয়েছে।
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়টি বাংলাদেশের আদালতের মানবতাবিরোধী মামলার রায়ের পরিপ্রেক্ষিতে একটি বিচারিক প্রক্রিয়া হিসেবে বিবেচিত হচ্ছে। বাংলাদেশের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে হলে ভারতকে এ বিচারিক প্রক্রিয়ার প্রতি সম্মান দেখাতে হবে।তবে শেখ হাসিনাকে ভারত শেষ পর্যন্ত ফেরত দেবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে বলেও মনে করেন তিনি।
সব মিলিয়ে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা, প্রত্যর্পণ দাবি এবং দুই দেশের মধ্যে আস্থার সংকট—এসব বিষয় ঘিরে ঢাকা-দিল্লি সম্পর্ক কোন পথে এগোয়, এখন সেদিকেই নজর কূটনৈতিক মহলের।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মন্তব্য করুন