বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, 26 November 2026

বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ বাংলাদেশি, বিদায় জানাবেন প্রধানমন্ত্রী

আপডেটঃ ২৬ নভেম্বর, ২০২৬ | ৪:০৬ 237 shares
বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ বাংলাদেশি, বিদায় জানাবেন প্রধানমন্ত্রী

বিনা খরচে মালয়েশিয়ায় কাজের সুযোগ পাওয়া ১১২ বাংলাদেশি কর্মী আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় প্রথম ফ্লাইটে দেশটির উদ্দেশে রওনা হচ্ছেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিকেল সাড়ে ৫টায় প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে তাঁদের বিদায় জানাবেন।বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড—বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক এ তথ্য জানিয়েছেন।বোয়েসেল জানায়, নির্বাচিত কর্মীরা মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইনে কাজ করবেন। তাঁদের মাসিক মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৭০০ রিঙ্গিত। চাকরির চুক্তির মেয়াদ তিন বছর, তবে তা নবায়নের সুযোগ রয়েছে। কর্মীদের আবাসন ও চিকিৎসাসুবিধা দেবে নিয়োগকর্তা।


এ নিয়োগ কার্যক্রমে অনুসরণ করা হচ্ছে ‘শূন্য মানে শূন্য’ নীতি। কর্মীদের বিদেশযাত্রার খরচ কমাতে বাংলাদেশ অংশের বিভিন্ন ব্যয় এবং বিদেশে যাওয়ার প্রধান খরচের দায়িত্ব ভাগ করে নেওয়া হয়েছে। পাসপোর্ট, স্বাস্থ্য পরীক্ষা, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) নিবন্ধন, কল্যাণ বোর্ডের ফি, প্রশিক্ষণ, বীমা, যাতায়াত ও আবাসনসহ বাংলাদেশ অংশের জনপ্রতি খরচ ২৬ হাজার ৩৫০ টাকা। অন্যদিকে, ভিসা ও বিমান টিকিটের সম্পূর্ণ খরচ বহন করছে নিয়োগকর্তা।বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক রাশেদুল হক জানান, এই ব্যবস্থার ফলে প্রত্যেক কর্মীর আনুমানিক দুই লাখ টাকা সাশ্রয় হচ্ছে। ১১২ জন কর্মীর ক্ষেত্রে মোট সাশ্রয়ের পরিমাণ প্রায় ২ কোটি ১০ লাখ টাকা।নিয়োগপ্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে দালালমুক্ত পদ্ধতি অনুসরণ করা হয়েছে বলেও জানান তিনি। অনলাইনে আবেদন করা ৪ হাজার ৩৯ জনের মধ্য থেকে গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে প্রকাশ্য ই-লটারির মাধ্যমে প্রাথমিকভাবে ৩০০ জনকে বাছাই করা হয়। পরে নিয়োগকর্তার সরাসরি সাক্ষাৎকারের ভিত্তিতে চূড়ান্তভাবে ১১২ জনকে নির্বাচন করা হয়।


বোয়েসেল আরও জানিয়েছে, মালয়েশিয়ার চারটি প্রতিষ্ঠান থেকে বিনা খরচে মোট ১ হাজার ৪৮ জন বাংলাদেশি কর্মী নিয়োগের চাহিদা পাওয়া গেছে। প্রতিষ্ঠানগুলো হলো ডিএইচএল, টপ গ্লোভ, তাতাওয়া ইন্ডাস্ট্রি ও ইউনাইটেড প্ল্যান্টেশন। এসব প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে কর্মী নিয়োগের সুযোগ রয়েছে।এদিকে, সরকারি এ কর্মসূচির নামে কাউকে টাকা না দেওয়ার জন্য সতর্ক করেছে বোয়েসেল। সংস্থাটির নাম ব্যবহার করে কেউ অর্থ দাবি করলে তা প্রতারণা হিসেবে গণ্য হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। নিয়োগসংক্রান্ত বিজ্ঞপ্তি শুধু বোয়েসেলের ওয়েবসাইট ও আনুষ্ঠানিক ফেসবুক পেজে প্রকাশ করা হয়।বিদেশে কর্মসংস্থানের নামে অতিরিক্ত অর্থ ব্যয় ও দালালের প্রতারণা থেকে কর্মীদের সুরক্ষায় এ ধরনের সরকারি উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। স্বচ্ছ নিয়োগপ্রক্রিয়া এবং নিয়োগকর্তার খরচ বহনের কারণে নির্বাচিত কর্মীদের জন্য মালয়েশিয়ায় যাওয়ার সুযোগটি তুলনামূলক কম ব্যয়ের হয়েছে।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
ঢাকার সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘আওয়ামী লীগ ফিরলে সবচেয়ে বিপদে পড়বে জামায়াত-এনসিপি’: নুর ডিসেম্বরে দেশে ফিরছেন না শেখ হাসিনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী মিরপুরে বিশেষ অভিযানে মোহনা টিভির সাবেক সিইও তসলিম চৌধুরী গ্রেপ্তার ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান হাসিনা, কী বলল ভারত স্পেনে রোববার আগাম নির্বাচন, কঠিন পরীক্ষায় প্রধানমন্ত্রী সানচেজ গার্মেন্টস শ্রমিকদের মজুরি নিয়ে আজ বোর্ডের পঞ্চম সভা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা, কে এই সৈয়দ মোজাম্মেল আলী? ইবির চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীন বরণ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত টঙ্গীতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, পুলিশ বক্সে আগুন