বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির (বিডিআরসিএস) নির্বাচন নিয়ে চলমান জটিলতার অবসানে গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গত ২৩ আগস্ট গঠিত নির্বাচন কমিশনের অধীনে আগামী ১৫ দিনের মধ্যে সংগঠনটির নির্বাচন সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ওই নির্বাচন কমিশন বাতিল করে নতুন কমিশন গঠনের সিদ্ধান্তের কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) একটি রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।আদালত ২৭ অক্টোবর জারি করা সেই প্রজ্ঞাপনের কার্যকারিতা আগামী তিন মাসের জন্য স্থগিত করেছেন, যার মাধ্যমে ২৩ আগস্ট গঠিত নির্বাচন কমিশন ভেঙে নতুন কমিশন গঠন করা হয়েছিল। পাশাপাশি ২৭ অক্টোবরের প্রজ্ঞাপন এবং ৪ নভেম্বর নতুন নির্বাচনি তফসিল ঘোষণার প্রজ্ঞাপন কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।
এ ছাড়া ২৩ আগস্ট গঠিত নির্বাচন কমিশনের অধীনে এবং গত ৯ অক্টোবর প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা অনুসরণ করে নির্বাচনের বাকি আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে বিবাদীদের কেন নির্দেশ দেওয়া হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়েছে।প্রফেসর ড. মোহাম্মদ রফিকুল কবির এ রিট আবেদন দায়ের করেন। তাঁর পক্ষে আদালতে শুনানি করেন সিনিয়র আইনজীবী মোহাম্মদ আলী। অন্যদিকে বিবাদীদের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন এবং ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন।আদালতের আদেশে উঠে এসেছে, গত ১৬ আগস্ট বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ২৯৭তম বোর্ড সভায় নির্বাচন কমিশন গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী ২৩ আগস্ট নির্বাচন কমিশন গঠন করা হয়। ওই কমিশনের অধীনে ১৭ সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠানের কথা ছিল।
তবে নির্ধারিত নির্বাচনের আগে ১০ সেপ্টেম্বর সোসাইটির ম্যানেজিং বোর্ডের অনুমোদন ছাড়াই চেয়ারম্যান ব্যারিস্টার মো. আবদুস সালাম এককভাবে নির্বাচন বাতিল করেন বলে রিটে উল্লেখ করা হয়। এ সিদ্ধান্তের বিরুদ্ধে রিট আবেদন করা হলে ১৪ সেপ্টেম্বর হাইকোর্ট নির্বাচন বাতিলের সিদ্ধান্ত স্থগিত করেন।এরপর হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সোসাইটির চেয়ারম্যান আপিল করলে সুপ্রিম কোর্টের চেম্বার আদালত ৮ অক্টোবর বা তার আগে নির্বাচন আয়োজনের নির্দেশ দেন। পরবর্তী সময়ে আরেকটি আবেদনের পরিপ্রেক্ষিতে নির্বাচনের সময়সীমা বাড়িয়ে ২৬ অক্টোবর বা তার আগে ভোটগ্রহণের নির্দেশ দেওয়া হয়। তবে সময় বাড়ানোর জন্য আরও একটি আবেদন করা হলে ২ নভেম্বর আপিল বিভাগ তা খারিজ করে দেন।
হাইকোর্টের পর্যবেক্ষণে বলা হয়েছে, এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব ছিল সর্বোচ্চ আদালতের নির্দেশনা অনুসরণ করে নির্বাচন আয়োজন করা। কিন্তু তা না করে আগের নির্বাচন কমিশন ভেঙে নতুন কমিশন গঠন করা হয়। নতুন কমিশন ৪ নভেম্বর আবার নির্বাচনি তফসিল ঘোষণা করে।আদালত এ পদক্ষেপকে সর্বোচ্চ আদালতের আদেশ বাস্তবায়নে বাধা সৃষ্টির উদ্দেশ্যে নেওয়া ‘নোংরা চালাকি’ বলে মন্তব্য করেছেন।এদিকে রিট আবেদনকারীর আইনজীবী মোহাম্মদ আলী জানিয়েছেন, সর্বোচ্চ আদালতের আদেশ অমান্য করার অভিযোগে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানের বিরুদ্ধে আদালত অবমাননার পৃথক আবেদন দায়ের করা হয়েছে।
হাইকোর্টের সর্বশেষ নির্দেশনার ফলে ২৩ আগস্ট গঠিত নির্বাচন কমিশনের অধীনেই ভোট আয়োজনের বাধ্যবাধকতা তৈরি হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করার নির্দেশের পাশাপাশি নতুন কমিশন গঠনের প্রজ্ঞাপন স্থগিত হওয়ায় রেড ক্রিসেন্টের নির্বাচন নিয়ে চলমান আইনি জটিলতায় নতুন মোড় তৈরি হয়েছে।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মন্তব্য করুন