জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে ভারত থেকে বাংলাদেশে ফিরতে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজ চেয়েছেন। কেন তিনি রাষ্ট্রীয় বিমান চেয়েছেন, তার ব্যাখ্যা দিয়েছেন তাঁর মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী।মঙ্গলবার (২৪ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে সৈয়দ মোজাম্মেল আলী বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশি উড়োজাহাজেই শেখ হাসিনাকে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল। তাই দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্যও সরকারের কাছে বিমান পরিবহণের ব্যবস্থা চেয়েছেন তিনি।
মুখপাত্রের দাবি, সংবিধানবহির্ভূত পরিস্থিতিতে শেখ হাসিনাকে দেশত্যাগে বাধ্য করা হয়েছিল। এ কারণে বিজয় দিবসে তাঁকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা সরকারের দায়িত্ব।প্রতিবেদন অনুযায়ী, এবারই প্রথম দেশে ফেরার জন্য নির্দিষ্ট কোনো তারিখ জানিয়েছেন শেখ হাসিনা।
চলতি মাসের শুরুতে নতুন পাসপোর্টসহ প্রয়োজনীয় কাগজপত্রের জন্যও আবেদন করেছেন তিনি। তবে তাঁর দেশে ফেরার ঘোষণা ঘিরে রাজনৈতিক ও আইনি পরিস্থিতিতে নতুন করে উত্তেজনা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। কারণ, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে এবং শেখ হাসিনার বিরুদ্ধে দেশে আইনি প্রক্রিয়াও চলমান।এদিকে শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, বাংলাদেশে ফিরতে হলে তাঁকে হাতকড়া পরা অবস্থায় বন্দি হিসেবেই আসতে হবে। তাঁর ভাষায়, মনের জ্বালায় টাকা দিয়ে অনেকেই খবর করাতে পারে।
এর আগে গত রোববার বাংলাদেশের এক মন্ত্রী রয়টার্সকে জানান, শেখ হাসিনা দেশে ফিরলে তাঁকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে। তাঁকে দেশে ফিরিয়ে আনতে ভারত সরকারের সঙ্গে উড়োজাহাজ পাঠানোর বিষয়ে কোনো আনুষ্ঠানিক আলোচনাও হয়নি বলে জানান তিনি।
সব মিলিয়ে, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা, রাষ্ট্রীয় বিমান চাওয়ার বিষয়টি এবং সরকারের পক্ষ থেকে দেওয়া বক্তব্য ঘিরে নতুন করে রাজনৈতিক আলোচনা তৈরি হয়েছে।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মন্তব্য করুন