বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, 19 November 2026

রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ, আন্তর্জাতিক আইনে তৈরি হতে পারে নতুন ইতিহাস

আপডেটঃ ১৯ নভেম্বর, ২০২৬ | ১০:১৫ 230 shares
রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ, আন্তর্জাতিক আইনে তৈরি হতে পারে নতুন ইতিহাস

রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার দায়ের করা মামলার রায় আজ বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ঘোষণা করতে যাচ্ছে আন্তর্জাতিক বিচার আদালত—আইসিজে। সাত বছর ধরে চলা এই মামলার রায় আন্তর্জাতিক আইন ও রাষ্ট্রীয় জবাবদিহিতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নজির তৈরি করতে পারে।

১৯৪৮ সালের গণহত্যা সনদ কার্যকর হওয়ার পর বিভিন্ন আন্তর্জাতিক আদালতে ব্যক্তিদের গণহত্যার দায়ে বিচার হয়েছে। তবে কোনো রাষ্ট্রকে সরাসরি গণহত্যার দায়ে আন্তর্জাতিক বিচার আদালতের চূড়ান্ত রায়ে দায়ী সাব্যস্ত করার নজির নেই। ফলে এই মামলার রায় আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ গুরুত্ব পাচ্ছে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, গাম্বিয়ার পক্ষে রায় এলে তা আন্তর্জাতিক আইনের ইতিহাসে যুগান্তকারী ঘটনা হিসেবে বিবেচিত হতে পারে। মামলায় গাম্বিয়ার পক্ষে নেতৃত্ব দেওয়া আইনজীবী আরসালান সুলেমানের মতে, এমন রায় গণহত্যা সনদ এবং রাষ্ট্রের অপরাধের ক্ষেত্রে আন্তর্জাতিক আইনি জবাবদিহিতাকে আরও শক্তিশালী করবে।

2017 সালের আগস্ট ও সেপ্টেম্বরে মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর সামরিক অভিযান চালানো হয়। ওই অভিযানে হত্যা, নির্যাতন, ধর্ষণ ও অগ্নিসংযোগের অভিযোগ ওঠে। প্রাণ বাঁচাতে কয়েক লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেন।

জাতিসংঘের অনুসন্ধানী দল ও বিভিন্ন মানবাধিকার সংস্থার প্রতিবেদনে রোহিঙ্গাদের ওপর ভয়াবহ নির্যাতনের চিত্র উঠে আসে। ২০১৮ সালে জাতিসংঘের একটি প্রতিবেদনে মিয়ানমারের সেনাবাহিনীর অভিযানের মাত্রা প্রকৃত নিরাপত্তাঝুঁকির তুলনায় চরম অসামঞ্জস্যপূর্ণ বলে উল্লেখ করা হয়। একই প্রতিবেদনে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তাদের তদন্তের সুপারিশ করা হয়েছিল।

তবে মিয়ানমার কর্তৃপক্ষ এসব অভিযোগ অস্বীকার করে আসছে। তাদের দাবি, রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর হামলার জবাব দিতেই নিরাপত্তা অভিযান চালানো হয়েছিল।

২০১৯ সালের নভেম্বরে ওআইসির সমর্থনে গাম্বিয়া আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে মামলা করে। গাম্বিয়ার যুক্তি, গণহত্যা সনদের লঙ্ঘনের বিরুদ্ধে যেকোনো রাষ্ট্রের আইনি পদক্ষেপ নেওয়ার অধিকার রয়েছে। মামলায় মিয়ানমার রাষ্ট্রকেই গণহত্যার জন্য দায়ী করা হয়েছে।

এই মামলায় একসময় মিয়ানমারের পক্ষে আদালতে দাঁড়িয়েছিলেন নোবেলজয়ী অং সান সু চি। পরে ২০২১ সালে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ও আটক হওয়ার পর মিয়ানমারের নতুন আইনজীবী দল মামলার দায়িত্ব নেয়।

গণহত্যার অভিযোগ প্রমাণ করা আন্তর্জাতিক আইনে অত্যন্ত কঠিন। আদালতকে শুধু হত্যাকাণ্ড বা নির্যাতনের প্রমাণ নয়, বরং কোনো জাতিগোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিক ধ্বংস করার উদ্দেশ্যও যাচাই করতে হয়।

গাম্বিয়ার পক্ষে রায় এলে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়তে পারে। যদিও আইসিজের রায়ে সরাসরি শাস্তি বা জরিমানার বিধান নেই, তবুও আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনীতিতে এর বড় প্রভাব পড়তে পারে।

কক্সবাজারের শরণার্থীশিবিরে থাকা ১০ লাখের বেশি রোহিঙ্গার কাছে এই রায় ন্যায়বিচারের প্রত্যাশার সঙ্গে জড়িত। তবে রাখাইনে চলমান সংঘাত, গ্রাম ধ্বংস, নিরাপত্তাহীনতা ও প্রত্যাবাসন নিয়ে অনিশ্চয়তার কারণে রোহিঙ্গাদের নিরাপদে দেশে ফেরার পথ এখনো কঠিন।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
সাত জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন, প্রস্তুত আরও ৫ প্লাটুন রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ, আন্তর্জাতিক আইনে তৈরি হতে পারে নতুন ইতিহাস উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় হামলা, কৃষকদল ও জাসাসের দুই নেতা নিহত জাতীয় সংলাপে আওয়ামী লীগকেও রাখতে হবে: রুমিন ফারহানা তাঁবেদার রাষ্ট্রের ষড়যন্ত্র রুখতে রাজনৈতিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনি এলাকায় যাওয়ার নির্দেশ তারেক রহমানের সৌদি রাজধানী রিয়াদে বিকট বিস্ফোরণ, বিমানবন্দরের কাছে ধোঁয়া এসআরবির অভিযানে গ্রেপ্তার বদির জামাতা ব্যারিস্টার রানা ঢাকায় রাতভর আতঙ্ক: পাঁচ বাসে আগুন, ছয় স্থানে ককটেল বিস্ফোরণ