জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজন খাতে বরাদ্দ দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর নতুন করে ঋণের বোঝা বাড়ানোর পরিবর্তে অনুদান ও নির্ভরযোগ্য আর্থিক সহায়তা প্রয়োজন। পাশাপাশি ঋণ ত্রাণ সুবিধা, আধুনিক প্রযুক্তিতে ন্যায্য প্রবেশাধিকার এবং নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের জন্য কার্যকর সহযোগিতা নিশ্চিত করতে হবে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলন কপ-৩১-এর উচ্চপর্যায়ের অধিবেশনে দেওয়া বক্তব্যে এসব প্রস্তাব তুলে ধরেন তিনি। জলবায়ু সংকট মোকাবিলায় বাংলাদেশের উদ্যোগের কথা জানানোর পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচ দফা পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
তারেক রহমান বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশ সামনের সারিতে থাকলেও বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নির্গমনে দেশের অবদান শূন্য দশমিক ৫ শতাংশেরও কম। এমন পরিস্থিতিতেও এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল ও টেকসই অর্থনীতি গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার।
‘সবার আগে বাংলাদেশ’ দর্শনে অনুপ্রাণিত হয়ে সরকার মনে করে, অর্থনৈতিক অগ্রগতি ও পরিবেশ সংরক্ষণ পরস্পরের পরিপূরক। তাই শিল্পায়ন ও উন্নয়নের পাশাপাশি প্রকৃতি এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হবে বলে উল্লেখ করেন তিনি। কপ-৩১ আয়োজনের জন্য তুরস্ক সরকারকে ধন্যবাদ জানানোর পাশাপাশি সম্মেলনের আলোচনা প্রক্রিয়ায় নেতৃত্ব দেওয়ায় অস্ট্রেলিয়ার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী জানান, ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে পূরণের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। প্যারিস চুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে নেট জিরো নির্গমনের লক্ষ্যে বিশেষ কর প্রণোদনার মাধ্যমে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনেও উৎসাহ দেওয়া হচ্ছে।দেশে বর্তমানে প্রায় ৩০০টি লিড সনদপ্রাপ্ত তৈরি পোশাক কারখানা রয়েছে। সবুজ শিল্পের প্রসার, বৈদ্যুতিক যানবাহনসহ পরিবেশবান্ধব পরিবহনব্যবস্থা গড়ে তোলা, পাটজাত ব্যাগের মতো পরিবেশবান্ধব পণ্যের ব্যবহার বৃদ্ধি এবং কার্বন ট্রেডিংয়ের জন্য জাতীয় কাঠামো তৈরির উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি।এ ছাড়া আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে সরকারের। পদ্মা ব্যারেজ ও তিস্তা ব্যারেজ মাস্টার প্ল্যানের পাশাপাশি ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খননের কাজ চলছে। পানি সংরক্ষণ, বন্যার ঝুঁকি কমানো, জলাভূমি পুনরুজ্জীবিত করা এবং ভূগর্ভস্থ পানির স্তর বাড়ানো এই উদ্যোগগুলোর লক্ষ্য। উপকূলীয় পুনরুদ্ধার করা জমিতে ম্যানগ্রোভ বন ফিরিয়ে আনার উদ্যোগও নেওয়া হয়েছে।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মন্তব্য করুন