এইচএসসি ও সমমানের পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হয়ে এ পরীক্ষা চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন দুই পালায় অনুষ্ঠিত হবে পরীক্ষা।বৃহস্পতিবার (১২ নভেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানুর সই করা বিজ্ঞপ্তিতে এ সময়সূচি জানানো হয়।প্রকাশিত সূচি অনুযায়ী, ১ ডিসেম্বর ইংরেজি প্রথমপত্রের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে এবারের সাপ্লিমেন্টারি পরীক্ষা। পরদিন ২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রের পরীক্ষা। ৩ ডিসেম্বর পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা বিষয়ের পরীক্ষা নেওয়া হবে। এরপর ৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিষয়ের পরীক্ষা।
পরবর্তী দিনগুলোতে অন্যান্য বিষয়ের পরীক্ষা নির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। আগামী ১৫ ডিসেম্বর অর্থনীতি ও আরবি বিষয়ের পরীক্ষার মধ্য দিয়ে লিখিত পরীক্ষা শেষ হবে। একই তারিখের মধ্যে পরীক্ষার্থীদের ব্যবহারিক পরীক্ষাও সম্পন্ন করতে হবে।বিজ্ঞপ্তিতে পরীক্ষার সময়সূচি সম্পর্কে বলা হয়েছে, প্রতিদিন দুই পালায় পরীক্ষা নেওয়া হবে। সকালের পালায় পরীক্ষা শুরু হবে সকাল ১০টায়, চলবে দুপুর ১টা পর্যন্ত। আর বিকালের পালার পরীক্ষা দুপুর ২টায় শুরু হয়ে শেষ হবে বিকেল ৫টায়।পরীক্ষার্থীদের জন্য কিছু নির্দেশনাও দেওয়া হয়েছে। পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে নিজ নিজ কেন্দ্রে প্রবেশ করতে হবে। পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন বহন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। তবে পরীক্ষার্থীরা পরীক্ষায় অনুমোদিত সাধারণ বৈজ্ঞানিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন।সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নিতে যাওয়া শিক্ষার্থীদের প্রকাশিত সময়সূচি ও নির্দেশনা অনুসরণ করে প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মন্তব্য করুন