ভোরের হালকা কুয়াশা, ঘাসের ডগায় জমে থাকা শিশির আর মৃদু ঠান্ডা বাতাস—প্রকৃতিতে ধীরে ধীরে জানান দিচ্ছে শীতের আগমন। দেশের উত্তরাঞ্চলে ইতোমধ্যে শীতের আমেজ অনুভূত হলেও রাজধানী ঢাকায় এখনো পুরোপুরি জেঁকে বসেনি শীত। তবে আবহাওয়ার পূর্বাভাস বলছে, ডিসেম্বর থেকে বাড়তে শুরু করবে শীতের তীব্রতা। চলতি মৌসুমে দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে চার থেকে ছয়টি মৃদু ও মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
রাজধানীর বাইরে হেমন্তের শেষ সময়ে হিমেল বাতাসের স্পষ্ট উপস্থিতি থাকলেও ঢাকায় শীতের অনুভূতি এখনো সীমিত। বিশেষ করে রাত ও ভোরে কিছুটা ঠান্ডা অনুভূত হচ্ছে। দিনের বেলায় অবশ্য তাপমাত্রা তুলনামূলক বেশি থাকছে। এর মধ্যেই ভোরের প্রকৃতিতে দেখা মিলছে হালকা কুয়াশা এবং ঘাসের ডগায় জমে থাকা শিশিরবিন্দুর।
আবহাওয়ার তথ্য অনুযায়ী, বুধবার ভোর সাড়ে ৬টায় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩ ডিগ্রি সেলসিয়াস। এদিন রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। এ সময় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯০ শতাংশ। পাশাপাশি আগের তুলনায় রোদের তীব্রতাও কমে আসছে।
আবহাওয়াবিদদের মতে, ভৌগোলিক অবস্থানের কারণে দেশের উত্তরাঞ্চলে শীতের প্রভাব সবার আগে অনুভূত হয়। ধীরে ধীরে তা দেশের অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে পড়ে। তবে জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে এবার অনুভূত তাপমাত্রা তুলনামূলক বেশি থাকতে পারে।অন্যদিকে, কংক্রিটের নগরী ঢাকায় এখনো শীতের উপস্থিতি অনেকটাই লুকোচুরি খেলছে। রাতে হালকা হিমেল বাতাস বইলেও দিনের বেলায় থাকছে ভিন্ন চিত্র। এর সঙ্গে ঢাকাসহ দেশের কয়েকটি বিভাগে আকাশ মেঘাচ্ছন্ন থাকায় কোথাও কোথাও বৃষ্টিও হচ্ছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ বঙ্গোপসাগরে একটি মৌসুমি লঘুচাপ সক্রিয় রয়েছে। এর প্রভাবে সকাল ৯টার মধ্যে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কয়েকটি স্থানে এবং দেশের অন্য ছয় বিভাগের বিচ্ছিন্ন কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে।তবে শীতপ্রেমীদের জন্য অপেক্ষা করতে হবে ডিসেম্বর পর্যন্ত। মাসটি শুরু হওয়ার পর দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা আরও কমতে পারে। বিশেষ করে উত্তরাঞ্চলসহ বিভিন্ন এলাকায় শৈত্যপ্রবাহের প্রভাব বাড়ার আশঙ্কা রয়েছে।
সব মিলিয়ে চলতি শীত মৌসুমে চার থেকে ছয়টি মৃদু ও মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে ডিসেম্বর থেকে শীতের প্রকৃত রূপ দেখা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মন্তব্য করুন