দেশের সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার ও বিরোধী দলসহ সব রাজনৈতিক শক্তিকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি। তিনি বলেছেন, দারিদ্র্য ও অর্থনৈতিক অসচ্ছলতা দূর করা না গেলে মানুষের শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, বাসস্থান ও সামাজিক মর্যাদা নিশ্চিত করা সম্ভব নয়। তাই পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে বাস্তবভিত্তিক ও কার্যকর উদ্যোগ নিতে হবে।বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশের উদ্যোগে ‘সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পক্ষে সর্বদলীয় সংসদীয় ককাস’-এর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দি আহমদ বীর বিক্রম।চীফ হুইপ বলেন, সুবিধাবঞ্চিত মানুষের অধিকার, সুযোগ ও জীবনমান উন্নয়নে সর্বদলীয় সংসদীয় ককাস গঠন গুরুত্বপূর্ণ উদ্যোগ।
সংসদে প্রতিনিধিত্বকারী বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যদের নিয়ে গঠিত এই ককাসের উদ্দেশ্য হলো দলীয় মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে পিছিয়ে পড়া মানুষের সমস্যা সমাধানে সম্মিলিতভাবে কাজ করা। এ উদ্যোগে প্রধান রাজনৈতিক দলগুলোর পাশাপাশি অন্য রাজনৈতিক শক্তির প্রতিনিধিদেরও যুক্ত করার প্রয়োজন রয়েছে।
তিনি বলেন, ক্ষুধা ও দারিদ্র্যের বাস্তবতায় মানুষের কাছে পৃথিবীর সৌন্দর্যও অনেক সময় অর্থহীন হয়ে পড়ে। অর্থনৈতিকভাবে অসচ্ছল মানুষের পক্ষে পরিবারের সন্তানদের ভালো শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ানো, উন্নত চিকিৎসা নিশ্চিত করা কিংবা প্রয়োজনীয় পোশাক ও বাসস্থানের ব্যবস্থা করাও কঠিন। অর্থনৈতিক সক্ষমতা মানুষের আত্মমর্যাদা ও সামাজিক অবস্থানের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। তাই মানুষের অর্থনৈতিক মুক্তি উন্নয়ন কার্যক্রমের অন্যতম প্রধান লক্ষ্য হওয়া উচিত।দেশের জনসংখ্যা ও সীমিত ভূমিসম্পদের প্রসঙ্গ তুলে নূরুল ইসলাম মনি বলেন, স্বাধীনতার পর বাংলাদেশের জনসংখ্যা প্রায় সাড়ে সাত কোটি থেকে বেড়ে বর্তমানে প্রায় ১৮ কোটিতে পৌঁছেছে। সীমিত ভূমির ওপর ক্রমবর্ধমান মানুষের আবাসন, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কর্মসংস্থানের চাহিদা পূরণ বড় চ্যালেঞ্জ। এ পরিস্থিতিতে উন্নয়ন পরিকল্পনায় সব মানুষের অংশগ্রহণ এবং অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিকে গুরুত্ব দিতে হবে।
তিনি আরও বলেন, প্রাকৃতিক সম্পদই কোনো দেশের সমৃদ্ধির একমাত্র ভিত্তি নয়। সীমিত সম্পদ নিয়েও সিঙ্গাপুর দক্ষ মানবসম্পদ, সুশাসন, পরিকল্পনা ও কার্যকর অর্থনৈতিক ব্যবস্থাপনার মাধ্যমে উন্নতির উদাহরণ তৈরি করেছে। বাংলাদেশের উন্নয়নেও দক্ষ জনশক্তি, উৎপাদনমুখী অর্থনীতি, সঠিক পরিকল্পনা ও দায়িত্বশীল নাগরিক সমাজ প্রয়োজন।প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচির কথা উল্লেখ করে চীফ হুইপ বলেন, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড ও স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন সামাজিক সুরক্ষা উদ্যোগ সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখবে। বিশেষ করে কৃষক, নিম্ন আয়ের পরিবার ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে এসব কর্মসূচির কার্যকর বাস্তবায়ন জরুরি।শিক্ষাব্যবস্থার সংস্কারের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের শুধু সনদ অর্জন নয়, বাস্তব জীবনে কাজে লাগে এমন জ্ঞান ও দক্ষতা অর্জনের সুযোগ দিতে হবে। দেশি-বিদেশি শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি তৈরি, শ্রমের মর্যাদা প্রতিষ্ঠা এবং উৎপাদনশীল কাজের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে হবে। ভোগের পাশাপাশি উৎপাদনেও সক্ষম হতে হবে।
বিদ্যুৎ ও জ্বালানি খাতের সমস্যার সমাধানে সময়োপযোগী পরিকল্পনা, উৎপাদন ও সরবরাহ সক্ষমতা বৃদ্ধি এবং নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি। এসব বিষয়ে দায়িত্বশীল আলোচনা ও সম্মিলিত সহযোগিতার ওপর গুরুত্ব দেন।চীফ হুইপ বলেন, জাতীয় সংসদকে জনগণের কল্যাণে কার্যকর ভূমিকা পালনের উপযোগী করে তুলতে স্পিকারের নেতৃত্বে সংসদীয় কার্যক্রম পরিচালিত হচ্ছে। সরকার ও বিরোধী দল একসঙ্গে কাজ করলে জনগণের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। সর্বদলীয় সংসদীয় ককাসের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের সমস্যা চিহ্নিত করে বাস্তবসম্মত সুপারিশ তৈরি ও বাস্তবায়নের উদ্যোগ নেওয়া যেতে পারে।অনুষ্ঠানে উপস্থিত নাগরিক সমাজের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, শুধু সমস্যার কথা নয়, বাস্তবায়নযোগ্য প্রস্তাবও তুলে ধরতে হবে। জনগণের কল্যাণে কার্যকর ও বাস্তবসম্মত সুপারিশ এলে সরকার ও জাতীয় সংসদের পক্ষ থেকে তা বাস্তবায়নে সর্বোচ্চ প্রচেষ্টা নেওয়া হবে।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মন্তব্য করুন