লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ীতে ব্যাটারিচালিত অটোরিকশা আটককে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে এক নারী পুলিশ সদস্যসহ পাঁচজন আহত হয়েছেন। এ সময় পুলিশের গাড়িতেও হামলার অভিযোগ উঠেছে। পরে ঘটনাস্থল থেকে দুজনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নের আমতলা এলাকায় এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যরা লালমনিরহাট সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় কুড়িগ্রামের ফুলবাড়ী থেকে বড়বাড়ীর দিকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশা ও এর চালককে আমতলা এলাকায় কয়েকজন ব্যক্তি আটক করেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে মারামারির ঘটনা ঘটে। চিৎকার-চেঁচামেচি শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। এ সময় স্থানীয়রা অটোরিকশাচালক এরশাদুল হক (৩৫) ও বড়বাড়ী ইউনিয়ন শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম অপুকে (৩৫) আটক করেন। তবে অপর চারজন পালিয়ে যান।
পরে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ আটক দুজনকে নিজেদের হেফাজতে নিয়ে থানায় নিতে চাইলে স্থানীয়দের একটি পক্ষ বাধা দেয়। তাদের দাবি ছিল, বিষয়টি স্থানীয়ভাবে বসে মীমাংসা করা হবে।এ নিয়ে পুলিশের সঙ্গে বাধাদানকারীদের প্রথমে বাকবিতণ্ডা, পরে ধাক্কাধাক্কি শুরু হয়। একপর্যায়ে উত্তেজিত ব্যক্তিরা পুলিশের গাড়িতেও হামলা চালান বলে অভিযোগ পাওয়া গেছে। পরে আটক দুজনকে নিয়ে যাওয়ার চেষ্টা করলে একদল লোক পুলিশের ওপর চড়াও হন। এতে সদর থানার উপপরিদর্শক (এসআই) এমরান আলী, নায়েক আনোয়ার হোসেন, পুলিশ সদস্য মামুন, লিটন ও একজন নারী পুলিশ সদস্য আহত হন।
আটক রফিকুল ইসলাম অপু সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নের সাদেকনগর গ্রামের মৃত শওকত আলীর ছেলে। অপর আটক ব্যক্তি অটোরিকশাচালক এরশাদুল হক কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিদ্যাবাগীশ গ্রামের নুর মোহাম্মদের ছেলে।এ বিষয়ে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুই পক্ষের মধ্যে আগে থেকেই কোনো বিরোধ ছিল। স্থানীয়দের ধাওয়া খেয়ে পালিয়ে যাওয়া চারজনের বাড়ি বড়বাড়ী এলাকায় হতে পারে। বিষয়টি নিয়ে আরও তথ্য সংগ্রহ করা হচ্ছে। আহত পুলিশ সদস্যরা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মন্তব্য করুন