ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ভোলার দৌলতখানে বর্ণাঢ্য র্যালি ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা বিএনপি। শনিবার (৭ নভেম্বর ২০২৬) আয়োজিত এই কর্মসূচিতে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির নেতৃত্ব দেন ভোলা-২ আসনের সংসদ সদস্য মো. হাফিজ ইব্রাহিম।
শনিবার সকালে দৌলতখান উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি বিশাল র্যালি বের হয়। র্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক ও মেইন বাজার প্রদক্ষিণ করে সমাবেশস্থলে এসে শেষ হয়। এতে সংসদ সদস্য মো. হাফিজ ইব্রাহিমসহ উপজেলা বিএনপি, পৌরসভা এবং বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ সরাসরি অংশ নেন।সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. হাফিজ ইব্রাহিম বলেন, “জাতীয় ঐক্য ও সংহতি বজায় রাখতে পারলেই বাংলাদেশ সঠিক পথে এগিয়ে যাবে। ভবিষ্যতে কেউ যেন এ দেশের জনগণের ভোটাধিকার কেড়ে নিতে না পারে, সে জন্য ৭ই নভেম্বরের চেতনাকে ধারণ করে সবাইকে সবসময় ঐক্যবদ্ধ থাকতে হবে।”
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, “তিনি এ দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন এবং জনগণের হারানো অধিকার ফিরিয়ে দিয়েছিলেন। ১৯৭৫ সালের ৩ নভেম্বর তাকে সপরিবারে ক্যান্টনমেন্টের বাসভবনে বন্দি করে রাখায় দেশজুড়ে হতাশা তৈরি হয়েছিল। পরবর্তীতে ৭ নভেম্বরের ঐতিহাসিক ঘটনাপ্রবাহের মধ্য দিয়ে তিনি মুক্ত হন এবং জাতি নতুন আশার আলো দেখতে পায়।”মাদক ব্যবসায়ীদের কঠোর হুঁশিয়ারি দিয়ে এমপি হাফিজ ইব্রাহিম বলেন, “দৌলতখানে যারা মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একটি মাদকমুক্ত সমাজ গড়তে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য আমি সকলের প্রতি আহ্বান জানাচ্ছি।”বিগত সরকারের সমালোচনা করে তিনি আরও বলেন, “আওয়ামী লীগের ১৫ বছরের শাসনামলে নির্যাতনের কারণে মানুষ স্বাভাবিক জীবনযাপন করতে পারেনি। ভোলায় জেলা ছাত্রদলের সভাপতি মো. নুরে আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা আবদুর রহিমকে যেভাবে হত্যা করা হয়েছে, আমি তার সুষ্ঠু বিচার দাবি করছি।”দৌলতখান উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্না মিয়ার সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি নিজাম ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক মাহাবুব মোরশেদ কুট্টিসহ উপজেলা, পৌরসভা এবং বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সাংবাদিক উপস্থিত ছিলেন ।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মন্তব্য করুন