নির্বাচনে হার মেনে ডেমোক্র্যাটদের সঙ্গে কাজের ঘোষণা ট্রাম্পের

আপডেটঃ ০৪ নভেম্বর, ২০২৬ | ১২:৪৬ ০ শেয়ার
নির্বাচনে হার মেনে ডেমোক্র্যাটদের সঙ্গে কাজের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির বড় ধাক্কার পর ফলাফল মেনে নেওয়ার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন তিনি। তবে নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের জন্য নিজের নাম ব্যালটে না থাকাকেই দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্ট।মঙ্গলবার রাতে হোয়াইট হাউস থেকে নির্বাচনের ফলাফল পর্যবেক্ষণের সময় নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমি এই ফলাফল পুরোপুরি মেনে নিতে প্রস্তুত।’ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করার বিষয়ে তিনি বলেন, ‘আমরা ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করব এবং তাদের সঙ্গে কাজ করার জন্য ইতিবাচকভাবেই অপেক্ষা করছি। সম্ভবত আমরা কোনো না কোনো সমঝোতায় পৌঁছাতে পারব।’মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়ের পর ট্রাম্পের এমন বক্তব্য সামনে এলো। ডেমোক্র্যাটরা মার্কিন কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ নেওয়ার পথে থাকায় ওয়াশিংটনের ক্ষমতার ভারসাম্যে পরিবর্তন আসতে পারে। একই সঙ্গে প্রেসিডেন্টের মেয়াদের বাকি সময়ে আইন প্রণয়নের লক্ষ্য বাস্তবায়নও কঠিন হয়ে উঠতে পারে।

পরাজয়ের দায় নিজের নাম ব্যালটে না থাকার ওপর

নির্বাচনে রিপাবলিকানদের পিছিয়ে পড়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে ট্রাম্প বলেন, তিনি প্রার্থী না হওয়ায় পর্যাপ্ত ভোটারকে ভোটকেন্দ্রে আনা সম্ভব হয়নি।

তার ভাষায়, ‘আমি নির্বাচনে প্রার্থী ছিলাম না। আর আমি প্রার্থী না থাকার কারণেই আমরা পর্যাপ্ত মানুষকে ভোটকেন্দ্রে আনতে পারিনি।’

মঙ্গলবার রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টেও একই দাবি করেন তিনি। সেখানে ট্রাম্প লেখেন, ‘ব্যালটে আমার নাম ছিল না। যদি থাকত, তবে আমরা ভূমিধস জয় পেতাম!’

সমর্থিত প্রার্থীদের হারেও অনুশোচনা নেই

রিপাবলিকানদের পরাজয়ের মধ্যেও নিজের সমর্থন দেওয়া প্রার্থীদের পাশে থাকার সিদ্ধান্ত নিয়ে কোনো আক্ষেপ নেই বলে জানিয়েছেন ট্রাম্প। সাউথ ক্যারোলাইনার রিপাবলিকান সিনেটর ডার্লিন গ্রাহাম এবং টেক্সাসের রিপাবলিকান অ্যাটর্নি জেনারেল কেন প্যাক্সটনের মতো প্রার্থীদের সমর্থন দেওয়ার বিষয়ে অনুতপ্ত নন তিনি। তবে তারা দুজনই সিনেট নির্বাচনে পরাজিত হয়েছেন।

সাক্ষাৎকারে নির্বাচনের ফলাফল দেখার সময় ট্রাম্প বলেন, ‘আপনার সঙ্গে কথা বলতে বলতেই আমি ফলাফলগুলো দেখছি। দেখলাম ডার্লিন হেরে গেছেন। ভাবা যায়! আচ্ছা, লিন্ডসে যদি নির্বাচনে দাঁড়াতেন, তবে কেমন করতেন বলে আপনার মনে হয়?’

গত জুলাইয়ে প্রয়াত সিনেটর লিন্ডসে গ্রাহামের প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, তার বিশ্বাস, লিন্ডসে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলে সম্ভবত জয়ী হতেন।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদকের বর্ণনা অনুযায়ী, সংক্ষিপ্ত ফোনালাপে ট্রাম্পকে বেশ নিষ্প্রভ শোনাচ্ছিল। দেশজুড়ে ডেমোক্র্যাটদের বড় জয়ের খবরগুলো তখন তিনি আত্মস্থ করছিলেন। তবে রিপাবলিকানদের পরাজয় সত্ত্বেও নিজের দ্বিতীয় মেয়াদের প্রথম দুই বছরের কর্মকাণ্ড নিয়ে কোনো অনুশোচনা নেই বলে জোর দিয়ে জানান তিনি।

ট্রাম্প বলেন, ‘যেকোনো প্রেসিডেন্টের ইতিহাসে এই সময়টিকে আমি সবচেয়ে সফল দুই বছর বলে মনে করি।’

ইরান যুদ্ধে যাওয়ার সিদ্ধান্তে অনুতপ্ত নন ট্রাম্প

ইরানের সঙ্গে যুদ্ধে জড়ানোর সিদ্ধান্ত নিয়েও কোনো অনুশোচনা নেই বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। সুযোগ পেলে একই সিদ্ধান্ত আবারও নেবেন বলে মন্তব্য করেছেন তিনি।

তবে জ্বালানি তেলের দাম নিয়ে ভোটারদের অসন্তুষ্টির বিষয়টি স্বীকার করেছেন ট্রাম্প। তিনি বলেন, ‘ইরান ইস্যুতে তাদের আপত্তি নেই, কিন্তু তারা সম্ভবত তেলের দাম নিয়ে খুশি ছিল না। আসলে এমনটা হতেই পারে। কিন্তু ওই সিদ্ধান্তের জন্য আমার বিন্দুমাত্র আফসোস নেই। বস্তুত দেশ ও বিশ্বের ভবিষ্যতের জন্য এটি ছিল অত্যন্ত বিচক্ষণ একটি সিদ্ধান্ত।’

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
‘শেখ হাসিনা আর দেশে ফিরবেন না’, পাসপোর্ট চাওয়াকে রাজনৈতিক স্টান্টবাজি বললেন চিফ প্রসিকিউটর ডিসেম্বরে দেশে ফেরার প্রস্তুতি? হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বললেন নতুন পররাষ্ট্র সচিব রাজধানীর ১০০ ফিট সড়কে স্কুল বাসে আগুন প্রাথমিকের শিক্ষার্থীরা পাবে স্কুল ড্রেস, জুতা, মোজা ও ব্যাগ; বরাদ্দ ১,৯৫০ টাকা রিয়াদে পরপর বিকট বিস্ফোরণ, আগাম সতর্কতার জানাল সৌদি কর্তৃপক্ষ ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেওয়া হবে : প্রধানমন্ত্রী সৌদির পূর্বাঞ্চল লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংস গ্রামপুলিশের বেতন বাড়ালেন প্রধানমন্ত্রী সারাদিন ইনস্টাগ্রামে রিলস দেখলেই বেতন ৭ নভেম্বরের চেতনায় জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর