বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলায় গ্রেপ্তার আহমেদ শাহরিয়ার রেজা দীপের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শনিবার ৩১ অক্টোবর বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াস এ আদেশ দেন। এর আগে দুপুর সোয়া ২টার দিকে দীপকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্তের স্বার্থে নৌ পুলিশের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন।
রিমান্ড আবেদনে বলা হয়, গত ২৭ অক্টোবর সন্ধ্যা ৬টার দিকে দীপের ডাকে বাসা থেকে বের হন তাহসিফ। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরদিন ২৮ অক্টোবর বিকেল সাড়ে ৪টার দিকে ৯৯৯-এর মাধ্যমে পুলিশ জানতে পারে, উত্তরখান থানার রাজাবাড়ী ঘাটসংলগ্ন তুরাগ নদীতে একটি মরদেহ ভাসছে।
পরে পুলিশ মরদেহ উদ্ধার করে। ট্রাউজারের পকেটে থাকা আইফোনের সূত্র ধরে পরিচয় শনাক্ত করা হয় তাহসিফের।
তদন্তসংশ্লিষ্ট তথ্য ও প্রযুক্তিগত অনুসন্ধানে জানা যায়, ঘটনার দিন তাহসিফকে সঙ্গে নিয়ে টঙ্গী পশ্চিম থানার মাজার বস্তি এলাকায় গিয়েছিলেন দীপ। পুলিশের ভাষ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীপ তাহসিফকে নিজের সিনিয়র বড় ভাই হিসেবে পরিচয় দিয়েছেন।
রিমান্ড আবেদনে হত্যার কারণ উদ্ঘাটন, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তার, হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত উদ্ধার, তাহসিফের মোটরসাইকেলের সন্ধান এবং হত্যার প্রকৃত স্থান শনাক্তের কথা উল্লেখ করা হয়।
শুনানিতে রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আজিজুল হক দিদার রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। পরে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, তাহসিফের মরদেহ উদ্ধারের ঘটনায় তাঁর বাবা কে এম এনায়েতুল করিম উত্তরখান থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন। ওই মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে দীপকে গ্রেপ্তার দেখায় পুলিশ।
তবে মামলার তদন্ত এখনো চলমান। রিমান্ডে জিজ্ঞাসাবাদে কী তথ্য পাওয়া যায়, তা জানার অপেক্ষায় রয়েছেন সংশ্লিষ্টরা।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মন্তব্য করুন