আফ্রিকার দেশ দক্ষিণ সুদানে সশস্ত্র গোষ্ঠীর হামলায় সাত শিশুসহ অন্তত ২৪ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। শনিবার (২১ নভেম্বর) রাত থেকে রোববার (২২ নভেম্বর) সকাল পর্যন্ত দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে এ হামলার ঘটনা ঘটে। প্রথমে নিহতের সংখ্যা ১৫ বলা হলেও পরে তা বেড়ে ২৪ জনে দাঁড়ায়।রোববার স্থানীয় কর্তৃপক্ষ হতাহতের এ তথ্য নিশ্চিত করেছে। ওয়ারাপ রাজ্যের টনজ ইস্ট কাউন্টির ভারপ্রাপ্ত কমিশনার মাচুয়েই বিথ জানান, উত্তর-পশ্চিমাঞ্চলের বল বল বোমা এলাকায় হামলা চালানো হয়। তার দাবি, প্রতিবেশী ইউনিটি রাজ্য থেকে আসা সশস্ত্র ব্যক্তিরা এ আক্রমণ চালিয়েছে।মাচুয়েই বিথের অভিযোগ, হামলাকারীরা সাবেক ভাইস প্রেসিডেন্ট রিয়েক মাচারের অনুগত এসপিএলএ-আইও সশস্ত্র বাহিনীর সদস্য। উল্লেখ্য, ২০২৫ সালের মার্চ থেকে রিয়েক মাচার গৃহবন্দি রয়েছেন।
নিহতদের মধ্যে সাত শিশু ও ছয় নারী রয়েছেন। অন্যদের মধ্যে পশুপালকসহ বিভিন্ন পেশার মানুষ রয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় ওই কর্মকর্তা।
এর আগে মাচুয়েই বিথ জানিয়েছিলেন, হামলার ঘটনায় এসপিএলএ-আইওর পোশাক পরা চারজন সশস্ত্র হামলাকারীও নিহত হয়েছেন। স্থানীয় পুলিশের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এ তথ্য নিশ্চিত করেছেন।এদিকে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন। ঘটনার তদন্ত এবং সার্বিক পরিস্থিতি পর্যালোচনার জন্য ঘটনাস্থলে একটি দল পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।
দক্ষিণ সুদানের ওয়ারাপ রাজ্যে সাম্প্রতিক সময়েও একাধিক প্রাণঘাতী সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত সপ্তাহে রাজ্যের মাকুয়াচ শহরের একটি বাজারে দুই জেলার বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে ১৭ জন নিহত এবং ২৩ জন আহত হন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।এর আগের মাসে ওয়ারাপ ও ইউনিটি রাজ্যের সীমান্ত এলাকায় সাম্প্রদায়িক সংঘাতে প্রাণ হারান অন্তত ৭২ জন।দক্ষিণ সুদানের এ অঞ্চল দীর্ঘদিন ধরেই প্রতিশোধমূলক হত্যাকাণ্ড, গবাদিপশু লুট এবং ভূখণ্ডের নিয়ন্ত্রণ নিয়ে সংঘাতের মধ্যে রয়েছে। অবৈধভাবে আগ্নেয়াস্ত্রের বিস্তার পরিস্থিতিকে আরও জটিল ও ভয়াবহ করে তুলেছে।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মন্তব্য করুন