তৈরি পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে গঠিত মজুরি বোর্ডের স্থগিত হওয়া তৃতীয় সভার নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ২৩ নভেম্বর এ সভা অনুষ্ঠিত হবে। সেখানে শ্রমিকদের নতুন বেতন কাঠামো নিয়ে মালিকপক্ষের প্রস্তাব উপস্থাপনের কথা রয়েছে।এর আগে সোমবার (১৬ নভেম্বর) বেলা ১১টায় রাজধানীর শ্রম অধিদপ্তরে সভাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু বোর্ডের একজন সদস্য অসুস্থ হয়ে পড়ায় অনিবার্য কারণ দেখিয়ে সভা স্থগিত করা হয়। সভা পেছানোর পর মালিক ও শ্রমিক—উভয় পক্ষই দ্রুত নতুন তারিখ নির্ধারণের দাবি জানিয়েছিল।
গত ৯ নভেম্বর অনুষ্ঠিত বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধিরা পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দেন। ওই সভায় মালিকপক্ষ নিজেদের প্রস্তাব তাৎক্ষণিকভাবে জমা দিতে পারেনি। এ জন্য তাদের চার কার্যদিবস সময় দেওয়া হয়েছিল। সে অনুযায়ী ১৬ নভেম্বরের সভায় মালিকপক্ষের প্রস্তাব দেওয়ার কথা থাকলেও সভা স্থগিত হওয়ায় তা পিছিয়ে যায়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৩ নভেম্বর প্রস্তাবটি উপস্থাপন করা হবে।বেতন বাড়ানোর দাবিতে তৈরি পোশাক খাতে শ্রমিক অসন্তোষের প্রেক্ষাপটে গত ১ নভেম্বর সরকার নিম্নতম মজুরি বোর্ড গঠন করে।
এরপর ৪ নভেম্বর বোর্ডের প্রথম সভায় আগামী ডিসেম্বর থেকে নতুন বেতন কাঠামো কার্যকরের ঘোষণা দেওয়া হয়। এ ঘোষণার পর শ্রমিকেরা ধীরে ধীরে কাজে ফিরতে শুরু করেন।উল্লেখ্য, সর্বশেষ ২০২৩ সালের নভেম্বরে তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা করা হয়েছিল। ওই বছরের ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকর হয়। তখন বিদ্যমান ৮ হাজার টাকার ন্যূনতম মজুরি ৫৬ দশমিক ২৫ শতাংশ বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছিল।শ্রম আইন ও নির্ধারিত মেয়াদ অনুযায়ী, বর্তমান মজুরি কাঠামোর মেয়াদ চলতি নভেম্বর মাসে শেষ হচ্ছে। ফলে নতুন মজুরি নির্ধারণে বোর্ডের পরবর্তী সিদ্ধান্তের দিকে তাকিয়ে রয়েছেন পোশাকশ্রমিক ও সংশ্লিষ্টরা।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মন্তব্য করুন