জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বহুল প্রত্যাশিত দ্বিতীয় সমাবর্তন সুষ্ঠু, সুশৃঙ্খল ও সফলভাবে আয়োজনের লক্ষ্যে গঠিত নির্বাহী ও ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দ্বিতীয় সমাবর্তনের লোগো উন্মোচন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও নির্বাহী ও ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন। আগামী ৩০ জানুয়ারি ২০২৭ তারিখে অনুষ্ঠেয় দ্বিতীয় সমাবর্তনের লোগো উন্মোচন উপলক্ষ্যে আজ মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) উপাচার্যের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন বলেন, "দ্বিতীয় সমাবর্তন আয়োজনের সার্বিক প্রস্তুতি, কার্যক্রমের অগ্রগতি এবং অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন করার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের সকলের সম্মিলিত সহযোগিতার কোনো বিকল্প নেই। এটি আমাদের সকলের অনুষ্ঠান। তাই সমাবর্তনকে কীভাবে আরও নির্বিঘ্ন, সুন্দর ও মর্যাদাপূর্ণভাবে দেশ ও জাতির সামনে উপস্থাপন করা যায় সেই বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।"তিনি আরও বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সহযোগিতার ফলে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়েছে। এ জন্য তিনি সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মন্তব্য করুন