দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় তারকা বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। পর্দার রসায়নের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের আগ্রহের শেষ নেই এই জুটিকে ঘিরে। এবার নিজেদের আসন্ন সিনেমা ‘রানাবালি’র প্রচার অনুষ্ঠানে বিজয়কে নিয়ে মনের কথা জানালেন রাশমিকা। বললেন, বিয়ের পরও পর্দায় বিজয়কে দেখলে তার মধ্যে ভক্তের মতোই উত্তেজনা কাজ করে।
সিনেমাটির শেষ পর্যায়ের প্রচারে ব্যস্ত সময় পার করছেন দুই তারকা। আগামী ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ‘রানাবালি’র।
প্রচার অনুষ্ঠানে বিজয়কে উদ্দেশ করে রাশমিকা বলেন, বিয়ে হয়েছে বলেই যে অনুভূতিটা বদলে গেছে, তা নয়। এখনো নিজেকে বিজয়ের একজন ভক্ত বলেই মনে হয় তার।
বিজয়ের অভিনয়ের প্রশংসা করে রাশমিকা আরও বলেন, তিনি বিজয়ের কাজের অনেক বড় ভক্ত। ‘রানাবালি’ সিনেমায় বিজয় কী করেছেন, তা দেখার জন্য তিনি ভীষণ উচ্ছ্বসিত। একই সঙ্গে সিনেমাটির সাফল্য কামনা করেন দুজনের জন্যই।
রাশমিকার এই বক্তব্য ঘিরে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।
‘রানাবালি’ একটি পিরিয়ড অ্যাকশনধর্মী সিনেমা। রাহুল সংকৃত্যায়ন পরিচালিত ছবিটির গল্পের পটভূমি ১৮৭৬ থেকে ১৮৭৮ সালের মাদ্রাজের দুর্ভিক্ষ। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে নিজের গ্রামকে রক্ষা করতে লড়াইয়ে নামেন এক ব্যক্তি।
সিনেমায় সিঙ্গানামালা গ্রামের অশ্বারোহী যোদ্ধা রানাবালির চরিত্রে অভিনয় করেছেন বিজয় দেবরাকোন্ডা। তার স্ত্রীর ভূমিকায় রয়েছেন রাশমিকা মান্দানা। আর ব্রিটিশ কমিশনার স্যার থিওডোর হেক্টরের চরিত্রে দেখা যাবে আর্নল্ড ভসলুকে।
সম্প্রতি সিনেমাটির তিন মিনিট ৪৭ সেকেন্ডের ট্রেলার প্রকাশ করেছে প্রযোজনা প্রতিষ্ঠান মিথ্রি মুভি মেকার্স। ট্রেলারে উঠে এসেছে গল্পের মূল দ্বন্দ্ব, প্রধান চরিত্র এবং গ্রামীণ রায়ালসীমা অঞ্চলের পরিবেশ।
এবার বড় পর্দায় ‘রানাবালি’ দর্শকদের কতটা মুগ্ধ করতে পারে, সেটিই দেখার অপেক্ষা।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মন্তব্য করুন