শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ০৬:২২ পিএম
নন্দিত টিভি
আসিফ আকবরের গাড়িতে গুলি, হামলাকারী শনাক্তে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ

আসিফ আকবরের গাড়িতে গুলি, হামলাকারী শনাক্তে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ

watermark
nonditotvnews

কণ্ঠশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়িতে গুলি চালানোর ঘটনায় এখনো হামলাকারীকে শনাক্ত করতে পারেনি পুলিশ। তবে ঘটনাস্থলের একটি সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে, যেখানে সন্দেহভাজন ব্যক্তির শুধু পা দেখা গেছে। ওই ফুটেজের সূত্র ধরে তাঁকে শনাক্তের চেষ্টা চলছে।

শনিবার, ২৪ অক্টোবর দুপুরে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার ইবনে মিজান এসব তথ্য জানান।

পুলিশ জানায়, শনিবার ভোর ৪টা ৫৫ মিনিটে রাজধানীর মগবাজারে বিশাল সেন্টারের সামনে একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে নেমে এক ব্যক্তি আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি করেন। পরে তিনি অটোরিকশায় উঠে মালিবাগের দিকে চলে যান।

গুলিতে গাড়ির কাচ ভেঙে যায়। ঘটনার সময় আসিফ আকবর ভবনটির তৃতীয় তলায় নিজের স্টুডিওতে ছিলেন। গাড়িতে কেউ ছিলেন না বলে জানিয়েছে পুলিশ।

ডিসি ইবনে মিজান জানান, আরও সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে। ঘটনার পেছনে কোনো বিরোধ বা অন্য কারণ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, আসিফ আকবর কাউকে সন্দেহ করছেন না এবং এ ঘটনায় তাঁর কোনো অভিযোগও নেই বলে জানিয়েছেন। তবে ঘটনাটিকে গুরুত্ব দিয়ে তদন্ত চলছে।

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।

প্রিন্ট করুন ফটোকার্ড ই-পেপার ব্রডশিট