চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক বা আইজিপি মো. আলী হোসেন ফকির। তিনি বলেছেন, নতুন আইনি কাঠামোর আওতায় চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পথ আরও কার্যকর করা হবে।
শনিবার, ২৪ অক্টোবর, দুপুরে খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইন্সে কমিউনিটি পুলিশিং বিষয়ক সুধী সমাবেশ শেষে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
আইজিপি জানান, মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে যৌথ অভিযান চলছে। পুলিশি কার্যক্রম আরও গতিশীল করতে স্বরাষ্ট্র ও অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে আইনি কাঠামো তৈরির কাজ চলছে। পাশাপাশি কমিউনিটি পুলিশিংকে পুলিশের একটি শাখা হিসেবে কার্যক্রম পরিচালনার কথা জানান তিনি।
চাঁদাবাজির প্রসঙ্গে আলী হোসেন ফকির বলেন, অনেক ক্ষেত্রে প্রভাবশালী ব্যক্তি কিংবা সন্ত্রাসীদের সংশ্লিষ্টতার কারণে ভুক্তভোগীরা ভয়ে সাক্ষ্য দিতে বা অভিযোগ করতে চান না। এ পরিস্থিতি মোকাবিলায় পুলিশ যাতে প্রমাণের ভিত্তিতে মামলা করতে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে, সে লক্ষ্যে নতুন আইন ও সংস্কারের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা হয়েছে। আগামী কিছুদিনের মধ্যে এ বিষয়ে অগ্রগতি দেখা যাবে বলেও জানান তিনি।
খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আইজিপি বলেন, অপরাধ দমন করতে গিয়ে পুলিশকে নানা ধরনের সমালোচনার মুখে পড়তে হয়। তবে সমাজে শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় পুলিশ ও জনগণকে একসঙ্গে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, মাদক, কিশোর গ্যাং ও চাঁদাবাজির বিরুদ্ধে বর্তমান সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে। পুলিশকে সহযোগিতা করার পাশাপাশি অপরাধ দমনে জনগণকে তথ্য ও পরামর্শ দেওয়ার আহ্বান জানান তিনি।
আইজিপি বলেন, পুলিশ মানবিক ও জনবান্ধব বাহিনী হিসেবে কাজ করতে চায়। একই সঙ্গে অপরাধীদের পুনরায় অপরাধে জড়িয়ে পড়া ঠেকাতে কার্যকর নীতি প্রণয়নের কাজ চলছে।
চাঁদাবাজি দমনে প্রস্তাবিত নতুন আইন কবে চূড়ান্ত হবে এবং কী ধরনের আইনি ব্যবস্থা রাখা হবে, তা এখনো বিস্তারিত জানানো হয়নি।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মন্তব্য করুন