আজ রোববার হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব শ্যামাপূজা বা কালীপূজা ও দীপাবলি উদযাপিত হচ্ছে। কার্তিক মাসের অমাবস্যা তিথিতে প্রতিবছর এই পূজার আয়োজন করা হয়। শক্তি ও শান্তির দেবী শ্যামা মায়ের আরাধনায় দেশের বিভিন্ন মন্দির ও হিন্দু সম্প্রদায়ের ঘরে ঘরে চলছে নানা আয়োজন। উৎসবকে ঘিরে সর্বত্র বিরাজ করছে আনন্দ ও উৎসবের আমেজ।বাঙালি সংস্কৃতি ও ধর্মীয় ঐতিহ্যে কালীপূজা এবং দীপাবলির বিশেষ গুরুত্ব রয়েছে। আলোর উৎসব হিসেবে পরিচিত দীপাবলিকে বাংলাদেশের বাঙালি হিন্দুরা ‘দীপাবলি’ নামে অভিহিত করলেও অবাঙালি হিন্দু সম্প্রদায়ের কাছে এটি ‘দিওয়ালি’ নামে পরিচিত। ধর্মীয় এই আয়োজনকে অনেকে ‘দীপান্বিতা কালীপূজা’ বলেও উল্লেখ করেন।
হিন্দু ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন, অশুভ ও অকল্যাণের প্রতীক অন্ধকার দূর করে শুভ ও কল্যাণ প্রতিষ্ঠার বার্তা বহন করে এই উৎসব। সেই বিশ্বাস ও ধর্মীয় ঐতিহ্যকে ধারণ করে শত শত বছর ধরে পালিত হয়ে আসছে শ্যামাপূজা ও দীপাবলি। বাঙালি, অসমীয়া ও ওড়িয়া হিন্দু সম্প্রদায়ের মানুষ এই অমাবস্যা তিথিতে কালীপূজা উদযাপন করেন।পঞ্জিকা অনুযায়ী, আজ রোববার দুপুর ১টা ২ মিনিটে অমাবস্যা তিথি শুরু হবে। এই তিথি শেষ হবে আগামীকাল সোমবার সকাল ১১টা ৫৮ মিনিটে। সাধারণত মধ্যরাতে কালীপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। একই তিথিতে কালীপূজার পাশাপাশি অনেক হিন্দু ধর্মাবলম্বী লক্ষ্মীপূজারও আয়োজন করবেন।
কালীপূজার অন্যতম একটি ঐতিহ্য হলো প্রদীপ প্রজ্বালন। এদিন সন্ধ্যায় হিন্দু ধর্মাবলম্বীরা নিজেদের বাড়ি ও শ্মশানে প্রদীপ জ্বালিয়ে স্বর্গীয় পিতা-মাতা এবং প্রয়াত আত্মীয়-স্বজনদের স্মরণ করেন। আলোর মাধ্যমে অন্ধকার দূর করার পাশাপাশি প্রয়াত স্বজনদের প্রতি শ্রদ্ধা নিবেদনও এই আয়োজনের গুরুত্বপূর্ণ অংশ।উৎসব উপলক্ষে রাজধানীর বিভিন্ন মন্দির ও পূজামণ্ডপে নেওয়া হয়েছে বিশেষ প্রস্তুতি। এর মধ্যে রয়েছে ঢাকেশ্বরী জাতীয় মন্দির, রমনা মন্দির, রামকৃষ্ণ মিশন ও মঠ, সিদ্ধেশ্বরী কালীমন্দির এবং সবুজবাগ থানাধীন শ্রীশ্রী বরদেশ্বরী কালীমাতা মন্দির।এ ছাড়া পুরান ঢাকার রাধাগোবিন্দ জিউ ঠাকুর মন্দির, পোস্তগোলা মহাশ্মশান, তাঁতীবাজার, শাঁখারীবাজার ও বাংলাবাজারসহ রাজধানীর বিভিন্ন মন্দির ও মণ্ডপে শ্যামাপূজা উদযাপনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।ধর্মীয় ভাবগাম্ভীর্য, পূজা-অর্চনা, প্রদীপ প্রজ্বালন ও নানা আয়োজনের মধ্য দিয়ে আজ দেশের হিন্দু সম্প্রদায়ের মানুষ পালন করবেন শ্যামাপূজা ও দীপাবলি উৎসব।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মন্তব্য করুন