১৫ আগস্টের ঘটনাকে সামরিক কর্মকর্তাদের প্রতি অবহেলা ও অপমানের প্রতিশোধ হিসেবে অভিহিত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তার দাবি, ওই ঘটনার সঙ্গে সাধারণ মানুষের কোনো সম্পৃক্ততা ছিল না। অন্যদিকে ৭ নভেম্বরকে সিপাহিদের নেতৃত্বে সংঘটিত বিপ্লব হিসেবে উল্লেখ করে তিনি বলেন, সেদিন সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছিল।শুক্রবার সকালে রাজধানীর আল-ফালাহ মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর এ সভার আয়োজন করে।
সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।বক্তব্যে ডা. শফিকুর রহমান ১৯৭২ সালের পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরেন। তিনি অভিযোগ করেন, তৎকালীন সরকার ১৯৭০ সালের নির্বাচনে অংশ নেওয়া ইসলামি সংগঠনগুলোকে নিষিদ্ধ করেছিল। এর ফলে জনগণের ম্যান্ডেটও হারিয়েছিল সরকার।তিনি আরও অভিযোগ করেন, সে সময় রক্ষীবাহিনীকে সীমাহীন ক্ষমতা দেওয়া হয়েছিল। এর মধ্য দিয়ে দেশে বিচারহীনতার সংস্কৃতি গড়ে ওঠে। বিভিন্ন ধরনের দমন-পীড়নের মাধ্যমে একদলীয় বাকশাল ব্যবস্থা প্রতিষ্ঠা করা হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি।
জামায়াত আমিরের ভাষ্য অনুযায়ী, ওই সময় সেনাবাহিনীর সদস্যদের বিভিন্নভাবে অপমান ও অবহেলা করা হতো। এমনকি একজন সেনা কর্মকর্তার স্ত্রীকে অপহরণের ঘটনাও ঘটেছিল। ওই কর্মকর্তা ঘটনার বিচার চাইতে গিয়ে চাকরি হারান বলে উল্লেখ করেন তিনি।শফিকুর রহমানের দাবি, সামরিক কর্মকর্তাদের প্রতি এমন অবহেলা, অপমান ও নানা ধরনের নৈরাজ্যের পরিপ্রেক্ষিতেই ১৫ আগস্টের পটপরিবর্তনের ঘটনা ঘটে। এরপর ৩ নভেম্বর ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের পাল্টা অভ্যুত্থানের মাধ্যমে দেশের রাজনৈতিক ও সামরিক পরিস্থিতিতে আরও অস্থিরতা তৈরি হয়।তিনি বলেন, পরবর্তী সময়ে ৭ নভেম্বর সিপাহিরা সংগঠিত হয়ে বন্দিদশা থেকে জিয়াউর রহমানকে মুক্ত করেন। এ সময় সাধারণ মানুষও রাজপথে নেমে তাদের স্বাগত জানায়। তার বর্ণনা অনুযায়ী, সাধারণ মানুষ তাকবির ধ্বনি দিয়ে সিপাহিদের প্রতি সমর্থন প্রকাশ করেছিল।ডা. শফিকুর রহমানের মতে, সিপাহিদের নেতৃত্বে সংঘটিত সেই বিপ্লবে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়েই ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পরিচিতি লাভ করে।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মন্তব্য করুন