রাজধানীর গেন্ডারিয়ায় অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে অংশ নিয়ে সমালোচনার মুখে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। তবে তিনি জানিয়েছেন, মাদকের বিরুদ্ধে তাঁর অভিযান অব্যাহত থাকবে।
সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে পদত্যাগের আনুষ্ঠানিক ঘোষণা দেন ইশরাক।
তিনি বলেন, গত ১২ ফেব্রুয়ারি জনগণের ভোটে নির্বাচিত সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেন। সেই দায়িত্ব তিনি পালন করে আসছিলেন।
ইশরাক জানান, সাম্প্রতিক ঘটনা নিয়ে দেশি-বিদেশি গণমাধ্যমে খবর প্রকাশিত হওয়ার পর তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে স্বেচ্ছায় প্রতিমন্ত্রীর পদ থেকে অব্যাহতি চেয়েছেন। প্রধানমন্ত্রী তাঁকে সেই সুযোগ দিয়েছেন।
তিনি আরও বলেন, তাঁর কারণে যেন প্রধানমন্ত্রী ও সরকারের কর্মকাণ্ড ম্লান না হয়, সে বিষয়টি বিবেচনায় নিয়েই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। তবে মাদকবিরোধী অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।
এর আগে শনিবার রাজধানীর গেন্ডারিয়া রেললাইনসংলগ্ন এলাকায় অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে অংশ নিয়ে বিতর্কের মুখে পড়েন ইশরাক। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়।
রোববার রাতে তাঁর পদত্যাগের গুঞ্জন ছড়িয়ে পড়লেও প্রতিমন্ত্রীর প্রেস কর্মকর্তা মাহফুজ কবির মুক্তা এক সংবাদ বিজ্ঞপ্তিতে সে সময়ের খবরকে অসত্য ও বিভ্রান্তিকর বলে দাবি করেছিলেন।
পরে সোমবার সংবাদ সম্মেলনে নিজেই পদত্যাগের ঘোষণা দেন ইশরাক হোসেন।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মন্তব্য করুন