অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে অংশ নিয়ে বিতর্কের মুখে পড়া মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দিতে যাচ্ছেন। আজ সোমবার দুপুর ২টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে নিজের সিদ্ধান্ত জানাবেন তিনি।
সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা জানান ইশরাক। তিনি বলেন, প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেওয়ার পাশাপাশি সাংবাদিকদের মুখোমুখি হবেন।
পোস্টে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর সমালোচকদের নিয়েও মন্তব্য করেন ইশরাক। একই সঙ্গে প্রতিমন্ত্রীর পদ ছাড়লেও মাদকের বিরুদ্ধে তাঁর কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা দেন। তিনি জানান, এবার সংসদ সদস্য বা প্রতিমন্ত্রী হিসেবে নয়, একজন বিএনপি কর্মী হিসেবে আরও বেশি উদ্যম নিয়ে মাদকবিরোধী কাজ করবেন। পাশাপাশি পরিচ্ছন্নতা কর্মসূচি জোরদার এবং প্রজন্ম দলের সাংগঠনিক শক্তি বাড়াতে বিভিন্ন জেলা সফরের কথাও জানান তিনি।
এর আগে শনিবার রাজধানীর গেন্ডারিয়ায় মাদকবিরোধী অভিযানে অংশ নেওয়ার সময় ইশরাকের হাতে আগ্নেয়াস্ত্র দেখা যায়। সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।
ইশরাকের দাবি, নিরাপত্তাঝুঁকির আশঙ্কায় আত্মরক্ষার জন্য তিনি বৈধ লাইসেন্সকৃত অস্ত্র সাময়িকভাবে উঁচিয়ে ধরেছিলেন। এ ঘটনায় আইনের কোনো ব্যত্যয় হয়েছে কি না, তা তদন্ত করছে ঢাকা মহানগর পুলিশ।
এদিকে, প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন—এমন খবর গতকাল বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলেও ইশরাক ও তাঁর দপ্তর তা গুজব ও ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছিলেন। সরকারের পক্ষ থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
এখন সবার নজর দুপুর ২টার সংবাদ সম্মেলনের দিকে। সেখানে ইশরাকের চূড়ান্ত ঘোষণা কী হয়, তা জানতে অপেক্ষায় রাজনৈতিক অঙ্গন।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মন্তব্য করুন