মাদকবিরোধী অভিযানে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র প্রদর্শনের ঘটনায় মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন ও তাঁর সহযোগীদের কর্মকাণ্ড তদন্তের নির্দেশ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ—ডিএমপি। তদন্তে আইনের কোনো ব্যত্যয় পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
রোববার, ১৮ অক্টোবর, ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান শফিকুল ইসলাম। তিনি বলেন, ঘটনাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে ডিএমপির ওয়ারী বিভাগের উপকমিশনারকে। তদন্তে কোনো অনিয়ম বা আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে শনিবার রাজধানীর গেন্ডারিয়ার দয়াগঞ্জ এলাকায় মাদকবিরোধী অভিযানে অংশ নেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে তাঁকে হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে কয়েকজনকে ধাওয়া করতে দেখা যায়। ভিডিওটি তাঁর ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশের পর ব্যাপক আলোচনা-সমালোচনা তৈরি হয়। পরে ভিডিওটি সরিয়ে নেওয়া হয়।
তবে নিজের অবস্থান ব্যাখ্যা করে ইশরাক হোসেন দাবি করেছেন, তাঁর হাতে থাকা আগ্নেয়াস্ত্রটি বৈধ। নিরাপত্তাঝুঁকির আশঙ্কায় আত্মরক্ষার জন্য তিনি সাময়িকভাবে অস্ত্রটি তুলেছিলেন। তাঁর ভাষ্য, অভিযানের সময় একদল লোক তাঁদের গাড়িবহরের দিকে আক্রমণাত্মকভাবে এগিয়ে এসেছিল। তিনি আরও দাবি করেছেন, কাউকে ভয় দেখানো বা গুলি করার ঘটনা ঘটেনি।
প্রতিমন্ত্রীর দাবি, এলাকায় মাদক ব্যবসা নিয়ে স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে অভিযোগ জানিয়ে আসছিলেন এবং পুলিশকে জানানোর পরও কার্যকর ব্যবস্থা না পাওয়ায় তাঁরা সামাজিক প্রতিরোধ গড়ে তোলার উদ্যোগ নেন।
তবে জনপ্রতিনিধির এ ধরনের অভিযানে আগ্নেয়াস্ত্র প্রদর্শন আইনসম্মত কি না, তা এখন তদন্ত করে দেখছে পুলিশ। তদন্তের ফলের ওপরই পরবর্তী পদক্ষেপ নির্ভর করছে।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মন্তব্য করুন