ক্ষমতায় আসার আট মাস পর আইনশৃঙ্খলা, অর্থনীতি, পররাষ্ট্রনীতি ও গণতান্ত্রিক সংস্কার—বিভিন্ন ক্ষেত্রে বিএনপি সরকারের অগ্রগতি নিয়ে উঠছে নানা প্রশ্ন। একদিকে রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক চিত্র, অন্যদিকে মূল্যস্ফীতি, চাঁদাবাজি, সহিংসতা ও বাকস্বাধীনতা নিয়ে উদ্বেগ। আন্তর্জাতিক সাময়িকী দ্য ডিপ্লোম্যাট-এর বিশ্লেষণে উঠে এসেছে সরকারের সাফল্য, সীমাবদ্ধতা এবং সামনে থাকা চ্যালেঞ্জের চিত্র।
আইনশৃঙ্খলা পরিস্থিতি দিয়ে শুরু করা যাক। সাম্প্রতিক সময়ে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, বিভিন্ন এলাকায় পুলিশের ওপর আক্রমণ এবং সাভারে পুলিশের এক কর্মকর্তাকে পিটিয়ে হত্যার মতো ঘটনা জননিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। অন্যদিকে সরকার দাবি করছে, পুলিশ বাহিনী ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে এবং অপরাধীদের গ্রেপ্তারে কার্যক্রম অব্যাহত রয়েছে।
তবে অপরাধ বিশ্লেষক ড. মো. তৌহিদুল হকের মতে, গত দেড় বছরের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতিতে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে—এমনটা বলার সুযোগ নেই। তাঁর বক্তব্য, রাজনৈতিক দলের ভেতরে অন্যায়ের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নিলে পরিস্থিতির উন্নতি কঠিন। মাদকবিরোধী অভিযানে খুচরা বিক্রেতা ও বাহকেরা গ্রেপ্তার হলেও প্রভাবশালী পৃষ্ঠপোষকদের আইনের আওতায় আনা নিয়ে প্রশ্ন রয়েছে।
চাঁদাবাজিও বড় উদ্বেগের বিষয়। প্রতিবেদনে উদ্ধৃত আদালতের নথি অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ঢাকা মহানগরের ৪৯টি থানায় চাঁদাবাজির ৭২৩টি মামলা হয়েছে।
এবার অর্থনীতির চিত্র। বছরের মাঝামাঝি মূল্যস্ফীতি বেড়ে মে মাসে ৯ দশমিক ৪২ শতাংশে পৌঁছায়। সেপ্টেম্বরে তা কমে ৮ দশমিক ৩৪ শতাংশে দাঁড়ালেও নিত্যপণ্যের উচ্চমূল্য সাধারণ মানুষের ওপর চাপ তৈরি করছে। আগস্টে মজুরি বৃদ্ধির হার ছিল ৮ দশমিক ০৫ শতাংশ, যা মূল্যস্ফীতির তুলনায় কম। ফলে নিম্ন আয়ের মানুষের ক্রয়ক্ষমতা চাপে রয়েছে।
অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, মার্চ থেকে আগস্ট পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে ১৮ দশমিক ৯৪ বিলিয়ন ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৩ দশমিক ১ শতাংশ বেশি। তবে ব্যবসায়ীরা দুর্বল চাহিদা, উচ্চ সুদের ঋণ ও জ্বালানি সংকটের কথা বলছেন। সেপ্টেম্বরে ডিজেলের দাম লিটারপ্রতি ১১৫ টাকা থেকে বাড়িয়ে ১৩৫ টাকা করায় পরিবহন ও উৎপাদন ব্যয় আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম দুই মাসে রাজস্ব আদায়ও লক্ষ্যমাত্রার চেয়ে পিছিয়ে ছিল। অর্থনীতিবিদ ড. খন্দকার গোলাম মোয়াজ্জেমের মতে, উচ্চ মূল্যস্ফীতি, ধীর প্রবৃদ্ধি এবং বেকারত্বের চাপ মোকাবিলায় কাঠামোগত সংস্কার জরুরি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জন্য ৩৫টি নতুন উড়োজাহাজ কেনার পরিকল্পনা নিয়েও তিনি ঋণের বোঝা ও ব্যবস্থাপনাগত সক্ষমতা নিয়ে উদ্বেগ জানিয়েছেন।
পররাষ্ট্রনীতিতেও রয়েছে নানা সমীকরণ। প্রধানমন্ত্রী তারেক রহমান চীন, মালয়েশিয়া ও জাতিসংঘ সাধারণ পরিষদে সফর করলেও ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে শেখ হাসিনার ভারতে অবস্থান এবং তাঁকে ফেরত চাওয়ার বিষয়টি বড় জটিলতা হয়ে রয়েছে। ভিসা সহজীকরণ, বাণিজ্যিক বাধা ও গঙ্গার পানি বণ্টন নিয়েও বাংলাদেশের প্রত্যাশা রয়েছে।
অন্যদিকে চীন মোংলা বন্দর, চট্টগ্রামে অর্থনৈতিক অঞ্চল এবং তিস্তা নদী ব্যবস্থাপনা প্রকল্পে সহায়তার আগ্রহ জানিয়েছে। তবে তিস্তা প্রকল্পে চূড়ান্ত অর্থায়ন এখনো নিশ্চিত হয়নি। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং কেনার উদ্যোগও আলোচনায় এসেছে। পাশাপাশি রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, জলবায়ু অর্থায়ন এবং বাংলাদেশের অর্থনৈতিক পুনরুদ্ধারকে আন্তর্জাতিক আলোচনায় গুরুত্ব দিচ্ছে সরকার।
রাজনৈতিক পরিবেশ ও বাকস্বাধীনতা নিয়েও উদ্বেগ রয়েছে। সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানি, রাজনৈতিক প্রতিপক্ষের আটক এবং প্রস্তাবিত সাইবার আইনের সম্ভাব্য প্রভাব নিয়ে মানবাধিকার সংস্থাগুলো প্রশ্ন তুলেছে। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়েছে, মার্চ থেকে সেপ্টেম্বরের মধ্যে সাংবাদিকদের হয়রানির ২৪২টি ঘটনা নথিভুক্ত হয়েছে।
এ ছাড়া আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত থাকা, রাজনৈতিক প্রতিপক্ষের আটক এবং হেফাজতে মৃত্যুর অভিযোগ নিয়ে মানবাধিকার সংস্থাগুলো স্বাধীন তদন্তের দাবি জানিয়েছে। সরকার বলছে, প্রস্তাবিত আইনি পরিবর্তন সাংবাদিকদের লক্ষ্য করে করা হয়নি। তবে সমালোচকদের আশঙ্কা, এসব বিধান ভিন্নমত প্রকাশের সুযোগ সংকুচিত করতে পারে।
সবশেষে সাংবিধানিক সংস্কারের প্রশ্ন। প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিত করা, সংসদে উচ্চকক্ষ গঠন এবং বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার মতো প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য রয়েছে। জুলাই চার্টার বাস্তবায়ন ও সংবিধান সংস্কার কাউন্সিলের ভূমিকা নিয়েও ঐকমত্য তৈরি হয়নি। দুর্নীতি দমন কমিশন, মানবাধিকার কমিশন এবং গুমসংক্রান্ত আইনের পরিবর্তন নিয়েও স্বাধীনতা ও জবাবদিহিতা নিশ্চিত করার প্রশ্ন তুলেছেন পর্যবেক্ষকেরা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ এম শাহান মনে করেন, নির্বাচন আয়োজন গণতন্ত্র পুনর্গঠনের প্রথম ধাপ মাত্র; গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়াও জরুরি।
সব মিলিয়ে, বিএনপি সরকার উত্তরাধিকার সূত্রে পাওয়া সংকট মোকাবিলা করছে—এ কথা বিশ্লেষকেরা স্বীকার করলেও শুধু অতীতের পরিস্থিতিকে দায়ী করে দীর্ঘদিন চলা সম্ভব নয়। আইনশৃঙ্খলা, অর্থনৈতিক স্থিতিশীলতা, মানবাধিকার এবং প্রাতিষ্ঠানিক সংস্কারে দৃশ্যমান অগ্রগতি অর্জনই এখন সরকারের সামনে বড় পরীক্ষা।
দ্য ডিপ্লোম্যাট থেকে অনূদিত ও সংক্ষেপিত প্রতিবেদন।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মন্তব্য করুন