ডেঙ্গু মশার বংশবিস্তার রোধে প্রত্যেক নাগরিক ও পরিবারকে সপ্তাহে অন্তত দুই দিন আধা ঘণ্টা থেকে এক ঘণ্টা করে ঘরবাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কারের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, জমে থাকা পানি ও আবর্জনা পরিষ্কার করে মশার প্রজননস্থল ধ্বংস করাই ডেঙ্গু প্রতিরোধের অন্যতম কার্যকর উপায়।
বুধবার, ১৪ অক্টোবর রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।
বার্তায় তিনি বলেন, প্রত্যেক ব্যক্তি ও পরিবার যেন সপ্তাহে অন্তত দুই দিন নির্দিষ্ট সময় বের করে নিজেদের ঘরবাড়ি, আশপাশের এলাকা এবং প্রতিদিন চলাচলের পথে যেসব স্থানে ডেঙ্গু মশার বংশবিস্তার হতে পারে, সেসব জায়গা পরিষ্কার করেন।
প্রধানমন্ত্রী বলেন, ঘরের আনাচকানাচ, রাস্তাঘাট ও জনসমাগমস্থলে জমে থাকা পানিতে ডেঙ্গু মশা বংশবিস্তার করে। এসব প্রজননস্থল নিয়মিত পরিষ্কার করা গেলে ডেঙ্গু প্রতিরোধে আরও বেশি সফল হওয়া সম্ভব।
তিনি উল্লেখ করেন, বিভিন্ন বয়সের মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে অসুস্থ হচ্ছেন, এমনকি মারা যাচ্ছেন। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বহু পরিবারকে স্বজন হারানোর বেদনা থেকে রক্ষা করা সম্ভব।
তারেক রহমান বলেন, ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশের মানুষ অতীতেও বড় বড় অর্জন করেছে। ১৯৭১ সালে স্বাধীনতা অর্জন, ১৯৯০ সালে স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে সর্বস্তরের মানুষের অংশগ্রহণের কথা উল্লেখ করে তিনি প্রশ্ন রাখেন, সবাই মিলে এসব অর্জন করতে পারলে দেশের অন্যান্য সমস্যা সমাধানে কেন একসঙ্গে কাজ করা সম্ভব হবে না?
প্রধানমন্ত্রী আরও জানান, দেশের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে প্রায় আড়াই কোটি শিক্ষার্থী রয়েছে। এ ছাড়া বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর—বিএনসিসি, স্কাউটস, গার্ল গাইডস ও রেড ক্রিসেন্টের মতো বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত সদস্যের সংখ্যা প্রায় ৪০ লাখ।
তিনি বলেন, শিক্ষার্থী ও এসব সংগঠনের সদস্যরা প্রায় এক মাস ধরে প্রতি শনিবার দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় ময়লা-আবর্জনা পরিষ্কারের চেষ্টা করছেন। ডেঙ্গু প্রতিরোধে এ ধরনের উদ্যোগকে আরও বিস্তৃত করার ওপর গুরুত্ব দেন তিনি।
ডেঙ্গু প্রতিরোধে টিকার কার্যকারিতা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন পরীক্ষায় ডেঙ্গুর টিকার কার্যকারিতা সীমিত বলে দেখা গেছে। তাঁর বক্তব্য অনুযায়ী, টিকার ওপর নির্ভর করার পরিবর্তে জমে থাকা পানি ও আবর্জনা পরিষ্কার করে মশার প্রজননস্থল ধ্বংসের ওপর বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন।
তারেক রহমান বলেন, একটি সরকার তখনই সফল হয়, যখন জনগণকে সঙ্গে নিয়ে দেশের জন্য কাজ করে। সরকার ও জনগণের সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে দেশের বিভিন্ন সমস্যার সমাধান করতে চায় তাঁর সরকার।
সবশেষে ডেঙ্গু প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সম্মিলিত প্রচেষ্টায় এ রোগে আক্রান্ত বহু মানুষের প্রাণহানি রোধ করা সম্ভব। প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করলে আগামী দিনে ডেঙ্গুর কারণে বহু মানুষের প্রাণ রক্ষা করা যাবে।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মন্তব্য করুন