অপারেশন ক্লিন হার্টের মতো কোনো অভিযান পরিচালনার পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে অপরাধ দমনে পুলিশ সর্বাত্মক প্রচেষ্টা চালাবে। আসামি গ্রেপ্তারে বাধা দেওয়া কিংবা অপরাধীদের আশ্রয়-সহায়তা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
বুধবার, ১৪ অক্টোবর চট্টগ্রাম পুলিশ লাইন্সে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের—সিআইডির সাইবার কার্যালয় ও ডিজিটাল ফরেনসিক ল্যাব উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মন্ত্রী।
তিনি বলেন, অপরাধীদের গ্রেপ্তারে কেউ বাধা দিলে বা আসামিকে সহায়তা করলে তথ্যের ভিত্তিতে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে। অপরাধীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
সাইবার অপরাধের পরিবর্তিত ধরন তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ডিজিটাল মাধ্যমে প্রতারণা থেকে শুরু করে শেয়ারবাজারে কারসাজির মতো অপরাধও ঘটছে। এসব অপরাধ শনাক্ত, বিশ্লেষণ ও দমনে আধুনিক ডিজিটাল ফরেনসিক ল্যাবের বিকল্প নেই।
মন্ত্রী জানান, গত ১ অক্টোবর থেকে অতিরিক্ত আইজিপির নেতৃত্বে আনুষ্ঠানিকভাবে পুলিশ সাইবার ইউনিটের কার্যক্রম শুরু হয়েছে। পাশাপাশি দেশের আটটি বিভাগীয় সদর দপ্তরে দ্রুত ডিজিটাল ফরেনসিক ল্যাব স্থাপনের পরিকল্পনা রয়েছে। পর্যায়ক্রমে জেলা ও উপজেলা পর্যায়েও ডিজিটাল অপরাধ বিশ্লেষণের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।
চট্টগ্রামে উদ্বোধন করা সিআইডির সাইবার কার্যালয় ও ডিজিটাল ফরেনসিক ল্যাব প্রতিষ্ঠায় দক্ষিণ কোরিয়া সরকার এবং কোরিয়ান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি—কয়কা সহযোগিতা করেছে বলেও জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আধুনিক প্রযুক্তি ও পরীক্ষাগারের সুবিধা বাড়লে অপরাধ তদন্তে প্রমাণ বিশ্লেষণ এবং বিচারপ্রক্রিয়ায় প্রয়োজনীয় তথ্য-প্রমাণের সত্যতা যাচাই সহজ হবে।
উল্লেখ্য, ২০০২ সালের ১৬ অক্টোবর শুরু হওয়া অপারেশন ক্লিন হার্ট ২০০৩ সালের ৯ জানুয়ারি পর্যন্ত চলে। ওই অভিযানে সেনাবাহিনীসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশ নিয়েছিলেন।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মন্তব্য করুন