তিনবারের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় বাণিজ্যবিষয়ক সম্পাদক আলহাজ সালাহউদ্দিন আহমেদ মারা গেছেন। মঙ্গলবার রাত ৮টা ১০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ছেলে ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ রবিন। তিনি জানান, বুধবার বাদ জোহর শ্যামপুর-কদমতলীর লাল মসজিদে সালাহউদ্দিন আহমেদের জানাজা অনুষ্ঠিত হবে। এ সময় বাবার জন্য সবার কাছে দোয়া চান তিনি।
সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ছাড়া বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায়সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সংগঠন শোক জানিয়েছে।
বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় থাকা সালাহউদ্দিন আহমেদ অবিভক্ত ঢাকা মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। বিএনপির প্রার্থী হিসেবে অবিভক্ত ঢাকা-৪ আসন থেকে ১৯৯১ সালের পঞ্চম, ১৯৯৬ সালের ফেব্রুয়ারির ষষ্ঠ এবং ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
তবে ১৯৯৬ সালের জুনে অনুষ্ঠিত সপ্তম, ২০০৮ সালের নবম এবং ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হন সালাহউদ্দিন আহমেদ।
২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে ভোটের অনিয়মের প্রতিবাদ করতে গিয়ে ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছিলেন তিনি। বয়সজনিত নানা অসুস্থতায় বেশ কয়েক বছর ধরে ভুগছিলেন এই বিএনপি নেতা। সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
তার মৃত্যুতে বিএনপি ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মন্তব্য করুন