দীর্ঘ পাঁচ বছর পর আবারও একসঙ্গে গান গাইলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি ও সংগীতশিল্পী জাহিদ নিরব। তাঁদের নতুন গান ‘দিওয়ানা দিল’ প্রকাশের পর শ্রোতাদের মধ্যে সাড়া ফেলছে।
আরিফিন শুভ ও কেয়া পায়েল অভিনীত চরকি অরিজিনাল সিনেমা ‘হ্যাপিলি ম্যারিড’-এর আইটেম সং এটি। গত শুক্রবার, ৯ অক্টোবর চরকির ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হয়। গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন জাহিদ নিরব, আর কথা লিখেছেন জাহিদ প্রীতম।
রোববার গানটি শোনার আমন্ত্রণ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেন জাহিদ নিরব। সেখানে ন্যান্সির সঙ্গে কাজ করার পুরোনো স্মৃতি তুলে ধরেন তিনি।
জাহিদ নিরব জানান, মুন্সীগঞ্জ শিল্পকলার দোতলায় বসে তিনি প্রথম সরাসরি ন্যান্সির কণ্ঠে ‘পৃথিবীর যত সুখ’ গানটি শুনেছিলেন। তখন হাবিব ওয়াহিদের সঙ্গে গানটি গাইছিলেন ন্যান্সি। সেই স্মৃতি মনে পড়লে এখনো শিহরিত হন বলে জানান তিনি।
তিনি আরও জানান, ২০২১ সালে ‘ক্লোজআপ কাছে আসার গল্প’তে ‘তোমাকে চাই’ গানে প্রথম একসঙ্গে কণ্ঠ দেন তাঁরা। এরপর জাহিদ নিরবের আরও কয়েকটি গানেও কণ্ঠ দিয়েছেন ন্যান্সি। পাঁচ বছর পর নতুন করে তাঁদের এই সংগীত-যাত্রা শ্রোতাদের জন্য নিয়ে এসেছে ‘দিওয়ানা দিল’।
প্রকাশের পর গানটি নিয়ে মন্তব্যের ঘরে প্রশংসা দেখা যাচ্ছে। প্রকাশের প্রথম দুই দিনের মধ্যে গানটির ভিউ সাড়ে ১৬ হাজার ছাড়িয়েছে।
নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মন্তব্য করুন