বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পথে নতুন অগ্রগতি। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে প্রথমবারের মতো সফলভাবে পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন হয়েছে। রোববার, ১১ অক্টোবর বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বিজ্ঞান ও প্রযুক্তি সচিব আনোয়ার হোসেন।
তিনি জানান, দুপুর ৩টা ৩৪ মিনিটে প্রথম ইউনিটের চুল্লিতে পারমাণবিক বিক্রিয়া শুরু হয়। এখন পর্যন্ত সব প্যারামিটার নির্ধারিত মাত্রায় রয়েছে। বিকিরণের মাত্রা নিয়েও আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন তিনি।
এর আগে গত বৃহস্পতিবার, ৮ অক্টোবর, দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটির প্রথম ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন দেয় বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ।
রাশিয়ার সহযোগিতায় নির্মিত এ কেন্দ্রের প্রথম ইউনিটে ব্যবহার করা হয়েছে তৃতীয় প্রজন্মের ভিভিইআর-১২০০ মডেলের পারমাণবিক চুল্লি। এতে উন্নত নিরাপত্তাব্যবস্থা রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা—আইএইএর নির্দেশনা অনুসারে প্রকল্পের বিভিন্ন ধাপ সম্পন্ন করা হচ্ছে। প্রাথমিক পর্যায়ের কাজ সফলভাবে শেষ হওয়ার পর এখন চুল্লিতে নিয়ন্ত্রিত চেইন রিঅ্যাকশন বা ধারাবাহিক পারমাণবিক বিভাজন প্রক্রিয়া শুরু হয়েছে। পরবর্তী ধাপে ধাপে চুল্লির ক্ষমতা বাড়ানো হবে।
বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম জানিয়েছেন, আগামী নভেম্বরের শেষদিকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরুর লক্ষ্য নিয়ে কাজ চলছে।
তবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিতে হলে চুল্লির উৎপাদনক্ষমতা ধাপে ধাপে বাড়ানো, প্রয়োজনীয় পরীক্ষা সম্পন্ন করা এবং নিরাপত্তার শর্ত পূরণ করতে হবে। সংশ্লিষ্ট পরিকল্পনা অনুযায়ী, প্রথম ইউনিটের উৎপাদনক্ষমতা ৩০০ মেগাওয়াটে পৌঁছালে জাতীয় সঞ্চালন লাইনে বিদ্যুৎ সরবরাহের প্রক্রিয়া শুরু হতে পারে।
রূপপুরের এই অগ্রগতি বাংলাদেশের বিদ্যুৎ খাতে নতুন সম্ভাবনা তৈরি করেছে। এখন নজর পরবর্তী পরীক্ষাগুলো সফলভাবে সম্পন্ন করে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরুর দিকে।
নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মন্তব্য করুন